পাকিস্তানের বিশ্বকাপ দলে কানেরিয়া
শোয়েব আখতারের হাঁটুতে ইনজুরি, উমর গুলের সমস্যা অ্যাঙ্কেলে। তবু এই দু'জনকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলটিতে চমকও আছে একটি। ক্যারিয়ারের প্রায় শুরু থেকে টেস্ট দলে অপরিহার্য হলেও ওয়ানডেতে বরাবরই উপেক্ষিত লেগ স্পিনার দানিশ কানেরিয়াকে রাখা হয়েছে বিশ্বকাপের দলে।
ইনজুরি কাটিয়ে প্রায় ১১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরলেও এক ইনিংসের বেশি মাঠে থাকার সুযোগ পাননি শোয়েব। জানুয়ারিতে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং (৪/৩৬) দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৪ রানে গুঁড়িয়ে দিলেও আবারো ইনজুরি হানা দেয়ায় পরের ইনিংসে আর বল হাতে নেয়ার সুযোগ পাননি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। এর পর দেশেই ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল তাকে। শোয়েবের মতো ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা উমর গুলকেও দলে রাখা প্রসঙ্গে পিসিবি’র ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন্স সেলিম আলতাফের ব্যাখ্যা, “এ মাসের শেষে এই দু জনের ফিটনেস টেস্ট নেয়া হবে। সেখানে তারা নিজেদের ফিট হিসাবে প্রমাণ করতে না পারলে তাদের বদলে অন্য কাউকে নেয়া হবে।”
শোয়েব --- গুলের ফিটনেস ছাড়া আরেকটা দুশ্চিন্তাও উঁকি মারছে পাকিস্তান শিবিরে। সেটা ডোপিং সংক্রান্ত! চ্যাম্পিয়ন্স ট্রফিতে শোয়েব ও আসিফকে নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছিল, পিসিবি তার পুনরাবৃত্তি দেখতে রাজি নয় বিশ্বকাপে। সেজন্যই শুক্রবার পিসিবি’র উদ্যোগে বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রত্যেকের ডোপ টেস্ট করা হবে। সেলিম আলতাফ জানিয়েছেন,“ডোপ টেস্টে ব্যর্থ হওয়া যে কোনো খেলোয়াড়কে বাদ দিতে পারি আমরা।”
দানিশ কানেরিয়া নিশ্চয়ই সেই পরীক্ষায় পাস করার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন এখনই! ৪৬ টেস্টে তার ১৯৮ উইকেট, অথচ ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৬টি। দক্ষিণ আফ্রিকা সফরেও ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে দেশে ফিরতে হয়েছে তাকে। অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেয়ে তাই দারুণ উচ্ছ্বসিত তিনি,‘প্রথম বারের মতো বিশ্বকাপ খেলার আশা কখনোই ছাড়িনি আমি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার একটা অন্য অর্থও আছে আমার কাছে। এখন আমি ওয়ানডেতেও সাফল্য পাওয়ার অপূর্ণ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করতে পারবো।”
বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘ডি’ গ্র“পে পাকিস্তানকে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ মার্চ উদ্বোধনী দিনেই তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
কেনিয়াও বিশ্বকাপের দল ঘোষণা করেছে মঙ্গলবার। গত তিনটি বিশ্বকাপে খেলা কেনেডি ওটিয়েনো, হিতেশ মোদি ও মার্টিন সুজির এবার আর ক্রিকেটের মহাযজ্ঞে যাওয়া হচ্ছে না। ’৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই বিস্ময়জাগানিয়া জয়ের সঙ্গী এই তিন জনের বাদ পড়াটা অবশ্য মোটামুটি অনুমিতই ছিল। পেসার সুজির হাঁটুতে ইনজুরি। আর উইকেট কিপার--ওপেনার ওটিয়েনো এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মোদি গত মাসে একটি ট্রেনিং ক্যাম্পে যোগ না দেয়ায় কোচ রজার হার্পারের রোষানলে পড়েছেন। বিশ্ব ক্রিকেট লিগের (গত সপ্তাহে এই টুর্নামেন্টের ফাইনালে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে কেনিয়া) জন্য সেই ট্রেনিং ক্যাম্পে দু জন অনুপস্থিত থাকায় হার্পার বলেছিলেন বিশ্বকাপের দল ঘোষণার সময় চরম মূল্য দিতে হতে পারে তাদের। শেষ পর্যন্ত টানা চতুর্থ বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিস্যাতই হলো ওটিয়েনো-মোদির। ‘সি’ গ্র“পে কেনিয়ার সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও কানাডা।
পাকিস্তান দল : ইনজামাম-উল হক (অধিনায়ক), ইউনিস খান (সহ অধিনায়ক), মোহাম্মদ ইউসুফ, ইমরান নাজির, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, আব্দুল রাজ্জাক, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, উমর গুল, দানিশ কানেরিয়া, রাও ইফতিখার, রানা নাভিদ, মোহাম্মদ আসিফ ও শোয়েব আখতার।
কেনিয়া দল : স্টিভ টিকোলো (অধিনায়ক), টমাস ওডোয়ো (সহ অধিনায়ক), রবীন্দু শাহ, তন্ময় মিশ্র, কলিন্স ওবুইয়া, পিটার ওনগন্ডো, নেহেমিয়াহ ওদিয়াম্বো, মরিস ওউমা, মালহার প্যাটেল, হিরেন ভারাইয়া, ডেভিড ওবুইয়া, রাজেশ বুদিয়া, জিমি কামান্ডে, টনি সুজি ও লামেক ওনিয়াঙ্গো।
