১ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচটা আসলে আগের ম্যাচের কার্বন কপি। পার্থক্য বলতে এটুকুই, জিম্বাবুয়ে জেতা ম্যাচ হাতছাড়া করে সিরিজে পিছিয়ে পড়েছিল। আর বাংলাদেশ তাই করতে করতেও শেষপর্যন্ত সিরিজজয়ী।
নয়তো আফতাব আহমেদ আরেকবার সহজেই সিরিজ জয়ের পথ সূচিত করে গিয়েছিলেন। ‘আরেকবার’ বলার কারণ ২০০৫ এর ৩১ জানুয়ারিতে দেশের মাটিতে হওয়া জিম্বাবুয়ে সিরিজের নিষ্পত্তির ম্যাচ। ০-২ এ পিছিয়ে থাকা সিরিজে সমতা এনে শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশকে অনায়াস জয়ে প্রথম কোনো সিরিজ জেতার আনন্দ দিয়েছিল আফতাবের বিস্ফোরক ব্যাটিং। সেদিনের অপরাজিত ৮১ রান এতোদিন তার ক্যারিয়ার সর্বোচ্চ হয়ে ছিল। সেটাকে ছাড়ানোর জন্য বেছে নিলেন আরেকটা সিরিজ নির্ধারক ম্যাচ। এলবিডাব্লিউর দুর্ভাগ্যে না পড়লে প্রথম ওয়ানডে সেঞ্চুরিও হয়ে যায়। মাত্র ৭৭ বলে ৬ বাউন্ডারি ও পাঁচ ছক্কায় তার ৯২ রান বাংলাদেশকে দ্রুতই পৌছে দেয় ১৭১ রানে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় ২৪৫ রানের টার্গেট থেকে খুব দূরে ছিল না হাবিবুল বাশারের দল। আবার ওভারও বাকি ছিল অনেক। তখন কে ভেবেছিল, ১৬ বল বাকি থাকতে মাত্র ১ উইকেটে জিতে কোনো টেস্ট খেলুড়ে দেশে প্রথম সিরিজ জয়ের (৩ - ১) দেখা পাবে তারা। অনেক বেশি ব্যবধানের আশাই যে ছিল ! আগেরদিন যেটা আশা করে থেকে হতাশ হয়েছিল জিম্বাবুয়ে।
সেই অবস্থায় প্রায় পড়েই গিয়েছিল বাংলাদেশ। শেষ দুই ব্যাটসম্যান আব্দুর রাজ্জাক ও শাহাদাত হোসেন রাজীবকেই তখন মনে হচ্ছিল বাংলাদেশের ত্রাণকর্তা। চিবাবার বলে বাউন্ডারি মেরে পাষাণভার নামিয়েছেন শেষে রাজ্জাকই। অথচ শুরুর বিপর্যয় সামলে আফতাব তৃতীয় উইকেটে ১৩২ রান যোগ করে যাওয়ার পর তার সঙ্গী মুশফিক এগুচ্ছিলেন সাকিবকে নিয়ে। নিজের প্রথম ওয়ানডে ফিফটি করা মুশফিক (৫৭) উতসেইয়ার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগেও বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ২০৯। এরপর ১২ রানের মধ্যে ৩ টি উইকেট হারানোর পরও শেষ ৮ ওভারে দরকার ২৪ রান, কঠিন ছিল না। কিন্তু ২৩৮ থেকে ২৪২ এর মধ্যে হাবিবুলের রান আউট এবং মাশরাফি - তাপসের বিদায় দৃশ্যপট পাল্টে দেয়।
এর আগে বোলিংয়ে বাংলাদেশের শুরু দুর্দান্ত হলেও শেষটা ছিল ঠিক তার উল্টো। শুরু এবং শেষের এই বৈপরীত্যের কারণেই সিরিজ জেতার জন্য হাবিবুল বাশারের দলের সামনে কঠিন এক লক্ষ্যই দাঁড় করিয়ে দেয় জিম্বাবুয়ে। আর তা এলটন চিগুম্বুরার ব্যাটিং তান্ডবে। এই অল রাউন্ডার শেষ দিকে বাংলাদেশের বোলারদের ওপর ঝড়ই বইয়ে দিয়েছেন। এ ম্যাচেও দুটো রান আউট করেছেন বাংলাদেশের ফিল্ডাররা (উতসেইয়া এবং আয়ারল্যান্ড)। কিন্তু সেসবের কিছুই আক্রান্ত করতে পারেনি চিগুম্বুরার ব্যাটকে। মাত্র ৫৭ বলে তার অপরাজিত ৭৭ রানের ইনিংসে তিনি সাতটি ছক্কা মেরেছেন। ব্যাট হাতে এমন ঝড় তোলার পর যেকোনো দলের বোলিংই এলোমেলো হয়ে যেতে বাধ্য। বাংলাদেশের বোলারদের ক্ষেত্রেও তাই হয়েছে।
এবার যাওয়া যাক জিম্বাবুয়ের ব্যাটিংয়ের শুরুতে। বাংলাদেশ যখন ওপেনিং নিয়ে চিন্তায় কাতর, তখন সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন ভুসিমুজি সিবান্দা ও টেরেন্স ডাফিন। কিন্তু সিরিজের শেষ ম্যাচে এর পুনরাবৃত্তিতে বাঁধা হয়ে দাঁড়িয়ে মাশরাফি বিন মর্তুজা এবার শুরুতেই দলকে ভাসিয়েছেন আনন্দে। প্রথমে ডাফিনকে (১২) লেগ বিফোরের ফাঁদে ফেলে শুরু। এরপর আগের দুই ম্যাচে অপরাজিত ৯৩ ও ৬৪ রান করা সিবান্দাকে বোল্ড করে দিয়ে প্রতিপক্ষের প্রাথমিক ব্যাটিং বিপর্যয় ডেকে আনেন তিনি। মাত্র ২২ রানে ২ উইকেট হারানোর পর দীর্ঘসময় অবশ্য বাংলাদেশ শিবিরকে হতাশায় ডুবিয়েছেন জাস্টিস চিবাবা এবং শন উইলিয়ামস। কিন্তু তৃতীয় উইকেটে তাদের ১০১ রানের পার্টনারশিপ গড়ার আনন্দ স্থায়ী হয়নি। মাত্র চার রানের মধ্যে ফিফটি করা এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেছেন। প্রথমে ৫১ রান করা উইলিয়ামস রিটার্ন ক্যাচ দিয়েছেন সাকিব আল হাসানকে। একটু পরেই আব্দুর রাজ্জাকের বলে মাশরাফিকে ক্যাচ দিয়ে শেষ হয়েছে চিবাবার (৫৪) ইনিংস। এর পর অভিষিক্ত ফ্রাইডে কাস্টেনিও বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে বোল্ড করেছেন শাহাদাত। তবুও ব্রেন্ডন টেলর ছিলেন বলে তার ব্যাটে চড়ে জিম্বাবুয়ে জেতার মতো স্কোর দাঁড় করানোর স্বপ্ন দেখতেই পারত। কিন্তু মাশরাফি তাকে (১০) বোল্ড করে দিয়ে সেই আশাও একরকম শেষ করে দিয়েছেন বলে মনে হচ্ছিল। কিন্তু চিগুম্বুরা তা হতে দিলেন কই!
শেষ হিসাবে অবশ্য চিগুম্বুরার ইনিংস বিফলে গেছে। সফল আফতাবের ৭৭ বলে ৯২ রানের ইনিংস এবং সে সুবাদে তিনি ম্যান অব দ্য ম্যাচ। আর ম্যান অব দ্য সিরিজ মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে ১৮ রান দিয়ে হারানোর দুঃখ ভোলার জন্য যা যা করা দরকার তার সবই তিনি করবেন বলে বোধ হয় প্রতিজ্ঞা করেছেন!
