ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আরো একবার ফিফার লাইফ লাইনে টিকে গেছেন এস এ সুলতান। তাকে টিকিয়ে রেখেছে ফিফা গাইড লাইন অনুযায়ী বাফুফে নির্বাচন আয়োজনের জন্য। সেটা কি করতে পারবেন বাফুফের এই বিতর্কিত সভাপতি ?
বাফুফের বাইরে থাকা ফুটবল সংগঠকরা মনে করছেন সুলতান পারবেন না। বাফুফের সাবেক সহকারী সাধারন সম্পাদক বাদল রায় বলেছেন, "আমাদের মতো দেশে সরকারকে প্রতিপক্ষ বানিয়ে কোনো প্রতিষ্ঠান চালানো কঠিন। তাছাড়া বাংলাদেশের বাস্তবতায় সরকারি কর্মকর্তা-বর্জিত ডিএফএ দিয়ে ফুটবলের উন্নতি সম্ভব নয়। আরেকটা ব্যাপারও ভাবতে হবে ডিএফএ ফুটবলের উন্নতির জন্য নাকি নিজেদের গদি ঠিক রাখার জন্য। এসব বিবেচনায় আনলে সুলতান সাহেবেরে আদৌ নির্বাচন দেওয়ার সদিচ্ছা আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন।"
সমস্যার সূত্রপাত হয়েছে ওই ডিএফএ গঠন নিয়ে। জেলা/বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) বিকল্প। কিন্তু দুটোর চরিত্রগত পার্থক্য আকাশ-পাতাল। ডিএসএ-এর নেতৃত্বে জেলা প্রশাসক থাকলেও ডিএফএ হবে একেবারে সরকারি কর্মকর্তা বর্জিত ! ফিফার এরকম গাইড-লাইন দেখেই মনক্ষুন্ন হয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের ধারনা সরকারের দৃষ্টিভঙ্গি ফিফার কাছে ভুলভাবে ব্যাখ্যা করেছেন বাফুফে-কর্তারা। যে কারণে ফিফা জেলা-উপজেলা পর্যায়ে কোনো সরকারি কর্মকর্তাকে ডিএফএ-তে রাখতে চায় না। বাফুফে ফিফার কাছে বাংলাদেশ সরকারকে ছোট করলেও সাবেক খেলোয়াড়রা সরকারের পক্ষে। তারা বুঝতে পারছেন সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া জেলা-পর্যায়ে ফুটবল চালানো প্রায় অসম্ভব। সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ স্পষ্ট করে বলেছেন, "আমি খুব ভালভাবেই বুঝতে পারছি এরকম ডিএফএ ফিফা চায়নি, চেয়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। তারাও ভাল করে বুঝে এই ডিএফএ দিয়ে ফুটবল চালানো যাবে না তবে আবার নির্বাচিত হয়ে বাফুফের চেয়ারে বসা যাবে।" হয়তো তাই! নইলে প্রত্যেকটা ডিএফএ-তে বাফুফে সভাপতির দুটো করে কাউন্সিলর কোটা থাকবে কেন ? এ প্রসঙ্গে বর্তমান কমিটির পদত্যাগী যুগ্ম সম্পাদক আশরাফউদ্দিন চুন্নু মজা করে বলেছেন, "বাফুফে সভাপতি ৬৪টা জেলার ফুটবল সংগঠকদের চিনলে তো আজ দেশের ফুটবলের এই হাল হয় না।"
তাই এই বিতর্কিত ডিএফএ গঠনে সক্রিয় হচ্ছেন না অনেক জেলার সংগঠকরা। জেলার বড়কর্তা জেলা প্রশাসক, তার আনুগত্য ছাড়া ডিএসএ'র মতো অরেকটি সংগঠন দাঁড় করানোর ঝুঁকিতে যেতে চাইছেন না জেলার সংগঠকরা। সঙ্গে যোগ হয়েছে ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে সুলতানের কুরুচিপূর্ণ বক্তব্য যা দেখে আরো ভয় পেয়েছেন জেলার সংগঠকরা। কেউ এ মুহুর্তে আর সুলতানের কথামতো ডিএফএ গঠন করে সরকারের বিরাগভাজন হতে চাইছেন না।
চাইছে কেবল ফিফা। তাদের চোখে সুলতানই যেন বাংলাদেশের ফুটবলের আলোকবর্তিকা (সেটা অবশ্য সুলতান যেভাবে বুঝিয়েছেন)। যে আলোর ক্ষমতা কেবল পেছন-পানে নিয়ে যাওয়ার। সেই যাত্রাকে আরো প্রলম্বিত করেছে ফিফা সুলতানের পদত্যাগ পত্র গ্রহণ না করে। যিনি গত আট মাসে জেলা ও বিভাগগুলোতে ডিএফএ গঠন সম্পন্ন করতে পারেননি তাকেই বলছে ফিফা নির্বাচনের ব্যবস্থা করতে। গত এপ্রিলে তাদের মেয়াদ শেষ হয়ে গেলেও ফিফা এক বছর সময় বাড়িয়ে দিয়েছিল নির্বাচন সম্পন্ন করে যাওয়ার জন্য। সেই বাড়তি এক বছর মেয়াদের মধ্যে কেবল চার মাস হাতে আছে বাফুফের। মানে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাফুফে নির্বাচন আয়োজন করতে হবে সুলতানকে।
তা করতে পারবেন, এমন ভরসা কেউ পাচ্ছেন না। বরং আশংকা, সরকারের সঙ্গে অমন মুখোমুখি অবস্থান নিয়ে আরো কিছু বিতর্কের জন্ম দেবেন বিতর্কিত সুলতান। মোটামুটি বিতর্ক আর আন্ধকারাচ্ছন্ন ফুটবলের একটি অধ্যায় হয়ে থাকবে এই সুলতানি আমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24