২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানীর মতোই ফিরলেন সেরেনা উইলিয়ামস

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গেলস শেষ হলো অবিশ্বাস্য এক ম্যাচ দিয়ে। ফাইনালে মারিয়া শারাপোভা আর সেরেনা উইলিয়ামস মুখোমুখি হচ্ছেন জেনে যারা ধরে নিয়েছিলেন প্রথম রুশ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিততে চলেছেন শারাপোভা, তাদের হতাশ করেছে ম্যাচের ফলাফল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

হতাশ করেছে শারাপোভাকেও। হতাশার সঙ্গে যে বিস্ময়ের ঘোরও লেগেছিল তা বোঝা গেছে ম্যাচ শেষে। শীর্ষ বাছাই হয়েও অবাছাই এবং বিশ্বের ৮১তম খেলোয়াড়ের কাছে ১ --- ৬, ২ ---৬ গেমে পরাজয়  --- ম্যাচের এমন পরিনতি শুধু শারাপোভা কেন, কেউই ভাবেননি। এমনকি সেরেনা উইলিয়ামসও না। তাই ম্যাচ শেষে বিস্ময়ে, আনন্দে অনেকক্ষণ বাকরুদ্ধ ছিলেন সেরেনাও!

দু’ সপ্তাহ আগে যখন বছর শুরুর এ গ্র্যান্ড ম্লাম টুর্নামেন্ট খেলতে আসেন তখন কেউ “সেরেনা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত টুর্নামেন্টে থাকবেন” --- এ কথা বললে নিশ্চয়ই অনেকের হাসির খোরাক হতে হতো তাকে। যদিও ম্যাচ শেষে হতাশায়,পরাজয়ের বেদনায় মুষড়ে পড়া শারাপোভা বলছিলেন সাবেক বিশ্বসেরা সেরেনা যে এখনো যে কাউকে হারাতে পারেন এটা তিনি জানতেন, “ওকে কখনোই অবজ্ঞা করা যায় না। ও যে ফাইনাল পর্যন্ত আসবে তা অনেকেই হয়তো ভাবেননি, তবে আমি ভেবেছি।”

ম্যাচের শুরু থেকেই সেরেনা যেভাবে শারাপোভার ওপর চড়াও হয়েছেন তাতে মনেই হয়নি ইনজুরির জন্য চার মাস কোর্টের বাইরে ছিলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। প্রথম সেটে এক পর্যায়ে  ৫ --- ০ গেমে এগিয়ে যান সেরেনা। প্রতিপক্ষের পারফরম্যান্সে হতভম্ব,হতাশ শারাপোভার পা -- ই চলছিল না তখন। রুশ গ্ল্যামার গার্ল ম্যাচে তার প্রথম ‘উইনার’ পেয়েছেন পরের গেমে। তারপর সবচেয়ে একতরফা ফাইনালে হারার লজ্জা থেকে বাঁচার ব্যবস্থাটুকু অন্তত করতে পেরেছেন। নইলে স্পেনের আরাংজা সানচেজ ভিকারিওর লজ্জায় ভাগ বসাতে হতো তাকে। ১৯৯৪ সালের ফাইনালে সানচেজ ভিকারিওকে মাত্র দুটো গেম জিততে দিয়েছিলেন স্টেফি গ্রাফ!

ডব্লিউটিএ আবার র্যাঙ্কিং ঘোষণ্ াকরবে সোমবার। সে ঘোষণায় বিশ্বসেরার স্বীকৃতি পাবেন শারাপোভাই। আর সেরেনা? বিশ্বের ৮১তম হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও শেষ করলেন ১৪তম হওয়া নিশ্চিত করে! এখনো র্যাঙ্কিংয়ে রানী নিশ্চয়ই শারাপোভা। কিন্তু তাকে এভাবে ধূলোয় মিশিয়ে এ মুহুর্তে আসল রানী কে? রানীর মতো ফেরার ষোলোকলা পূর্ণ হয়েছে শনিবারের ফাইনালে। তাই সেরেনার কাছে এই ট্রফিটির অন্যরকম কদর থাকবেই। অন্য কারণেও এ ট্রফি অনন্য এক স্থান পেয়ে গেছে এ পর্যন্ত আটটি গ্র্যান্ড স্লাম একক শিরোপাজয়ী টেনিসের এই কৃষ্ণকলির হৃদয়ে। সেরেনা উইলিয়ামস তার ক্যারিয়ারের তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাটি উৎসর্গ করেছেন তার এক বোনকে,“ এই ট্রফিটি আমি আমার বোন ইয়েটুন্ডেকে উৎসর্গ করতে চাই, যে আজ আমাদের মাঝে নেই।” সেরেনা উইলিয়ামসের এই বোন ২০০৩ সালে মারা গেছেন আততায়ীর গুলিতে।