নিজেদের মাঠে ম্যান ইউকে হারালো আর্সেনাল
ম্যাচের শেষ দিকে টোগোর স্ট্রাইকার ইম্যানুল এডিবায়রের একমাত্র গোলে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে আর্সেনাল। এই জয়ের দিয়ে আরসন ওয়েঙ্গারের দল ইংলিশ প্রিমিয়ারশিপ মৌসুমে প্রথম জয় তুলে পেলো।
দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে এডিবায়র চমৎকার গোল করে আর্সেনালকে এগিয়ে নিয়ে যান। তবে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো আর্সেনাল। এডিবায়রই সেসময় সহজ সুযোগটি নষ্ট করেছিলেন ।
মৌসুমের প্রথম চারটি ম্যাচে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল জয় পেলেও ওল্ড ট্রাফোর্ডে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখতে পাওয়া যায়নি। বরং প্রথমার্ধে বেশ কয়েকটি গোল হজম করা থেকে রক্ষা পায় রেড ডেভিলরা। এই পরাজয়ের ফলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের ১০০ ভাগ ম্যাচ জয়ের রেকর্ডটি আর থাকলো না।
প্রিমিয়ারশিপ মৌসুমের প্রথম তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে ড্র এবং একটিতে পরাজিত হওয়ার কারণে এই ম্যাচটি জেতা আর্সেনালের জন্য খুব জরুরি ছিল। এই ম্যাচে আর্সেনাল তাদের মূল আক্রমণভাগের খেলোয়াড় থিয়েরি অঁরিকে ছাড়াই মাঠে নামে।
এই পরাজয়ের ফলে ইংলিশ প্রিমিয়ারশিপ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম স্থানে রয়েছে পোর্টসমাউথ।
ম্যাচের প্রথমার্ধে আর্সেনালের গোলরক্ষক জেন্স লেম্যান দারুনভাবে ম্যান ইউ’এর পর্তুগীজ স্ট্রাইকার রোনাল্ডোর গোল করার প্রচেষ্টা নষ্ট করে দেন। আর্সেনাল ১ - ০ গোলে এগিয়ে যাওয়ার পর ওলে গুনারের শেষ প্রচেষ্টাও নষ্ট করে দেন জার্মান গোলরক্ষক লেম্যান।
