২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারগ্রিভসকে নিয়ে বাড়াবাড়ি করলে ম্যান ইউয়ের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করার হুমকি দিল বায়ার্ন মিউনিখ

বুন্দেশ লীগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বৃটিশ ফুটবলার ওয়েন হারগ্রিভসকে বেশ কিছুদিন ধরেই দলে ভেড়াতে চাইছে ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

হারগ্রিভসও দেশের মাটিতে খেলার জন্য চেয়েছিলেন ম্যানচেষ্টার ইউনাইটেডে যোগ দিতে। কিন্তু নিজের জালে নিজেই আটকা পড়েছেন এই তরুণ তারকা ফুটবলার। মাত্র কিছুদিন আগেই তিনি বায়ার্ন মিউনিখের সাথে ২০১০ সাল পর্যন্ত ৪ বছরের একটি চুক্তি করে ফেলেছেন। তারপরও ম্যানচেষ্টার ইউনাইটেড চাইছে হারগ্রিভসকে দলে টানতে। 

কিস্তু বায়ার্ন মিউনিখ কোনো ক্রমেই ছাড়তে রাজী নয় তাকে। তাই হারগ্রিভসকে পেতে ম্যানচেষ্টার ইউনাইটেডের সকল প্রচেষ্টা বন্ধ করতে বায়ার্ন মিউনিখ স্পষ্ট হুমকি দিয়ে বলেছে, ওয়েন হারগ্রিভসকে নিয়ে বেশী বাড়াবাড়ি করলে তারা ম্যান ইউ এর বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদের (ফিফা) ব্যাপারে নালিশ জানাবে।

চার বছরের চুক্তির মতো বোকামিটা করার পরই ইংল্যান্ড জাতীয় দলের রক্ষণভাগের ফুটবলার ওয়েন হারগ্রিভস জনসমক্ষে ম্যানচেষ্টার ইউনাইটেডে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন। ম্যান ইউনাইটেডও তাকে একেবারে লুফে নিতেই প্রস্তুত ছিল। ম্যান ইউ এর ম্যানেজার এ্যালেক্স ফার্গুসন স্বয়ং হারগ্রিভসকে দলে টানার ইচ্ছার কথা  জনসমক্ষে ঘোষণাও দিয়েছিলেন।

কিন্তু বায়ার্ন মিউনিখ ম্যানচেষ্টার ইউনাইটেডকে বুঝিয়ে দিয়েছে চাইলেই গায়ের জোরে সবকিছু পাওয়া যায় না। জার্মান অধিনায়ক মাইকেল বালাককে ইতিমধ্যেই চেলসিয়ার কাছে হারাতে হয়েছে তাদের। বালাকের মতো তুখোড় স্ট্রাইকারকে হারিয়ে অনেকটা আহত বাঘের মতো অবস্থা মিউনিখের। তার উপর হারগ্রিভসকে নিয়ে ম্যান ইউ এর এই টানাটানি মানে তো বায়ার্নের কলজে নিয়ে ছিনিমিনি খেলা। আর সেটা হতে দিতে মোটেই রাজী নয় বুন্দেশ লীগ বিজয়ী বায়ার্ন মিউনিখ।

বায়ার্নের ম্যানেজার কার্ল হেইঞ্জ রুমেনিগে তাই বেশ পরিষ্কার ম্যান ইউকে জানিয়ে দিয়েছেন হারগ্রিভসকে তারা ছাড়তে মোটেই রাজী নন।  আর এই নিয়ে ম্যান ইউ বেশী বাড়াবাড়ি করলে বিষয়টি ফিফার কান পর্যন্ত গড়াবার হুমকিও দিয়ে দিয়েছেন কার্ল রুমেনিগে।

রুমেনিগে আরো বলেন, ম্যানচেষ্টার ইউনাইটেড হারগ্রিভসকে পেতে তার  সাথে কোনোপ্রকার আলোচনা করতে পারে না কেননা হারগ্রিভসের দলবদলের ক্ষেত্রে সকল ক্ষমতা বায়ার্ন মিউনিখের হাতে রয়েছে।

শুক্রবার বায়ার্ন মিউনিখ একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে, হারগ্রিভস দল ছেড়ে ম্যানচেষ্টার ইউনাইটেডে যাচ্ছেন না এবং হারগ্রিভসের ক্লাব বদল নিয়ে ম্যান ইউ এর মাথে বায়ার্নের কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবার কোনোই সম্ভাবনা নেই।

নিজ ক্লাবের অবন্থান ব্যাখ্যা করে রুমেনিগে আরো বলেন, ‘হামবুর্গ ক্লাব খালিদ বুলাহরোজের মতো ফুটবলারকে চেলসিয়ার কাছে তুলে দিলেও আমরা হামবুর্গ নই, আমরা বুন্দেশ লীগ চ্যম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এখানে একজন ফুটবলার কোন ক্লাবে খেলবে তা নির্ভর করছে ক্লাবের কর্মকর্তাদের উপর, ফুটবলারদের উপর নয়’।

এদিকে বুন্দেশ লীগের রোববারের খেলায় ফ্লুতে আক্রান্ত হারগ্রিভস বোচাম দলের বিরুদ্ধে মাঠে নামেননি। এই খেলায় বায়ার্ন মিউনিখ ২-১ গোলে বোচাম ক্লাবকে পরাজিত করে। আর এই খেলায় মাঠে না নামায় হারগ্রিভসকে দলে ভেড়াতে ম্যান ইউ আবারো  উঠেপড়ে চেষ্টা শুরু করেছে।

হারগ্রিভসকে পেতে ম্যন ইউ বায়ার্নকে ২ কোটি ৫০ লক্ষ ইউরো পর্যন্ত দেবার প্রস্তাব করতে পারে বলে জানা গেছে। তবে এই বিপুল পরিমাণ অর্থের বিনিময়েও বায়ার্ন মিউনিখের কর্মকর্তারা হারগ্রিভসকে ছাড়তে রাজী নন বলেই প্রতিয়মান হচ্ছে।

হারগ্রিভসের ম্যান ইউ এর হয়ে দেশের মাটিতে খেলতে চাওয়ার পেছনে অবশ্য বড় একটি বড় উদ্দেশ্য  লুকিয়ে আছে। আর তা হলো জাতীয় দলে নিজের স্থান পাকা করে নিতে ইংল্যান্ডের নতুন কোচ স্টিভ ম্যাকক্লারেনের নজর কাড়া।

এই মূহুর্তে বায়ার্ন ছেড়ে ম্যান ইউতে যাওয়ার বিষয়টি  একরকম অসম্ভব  জেনেও হারগ্রিভস জানান, ‘ পরিবারের সবাইকে ইংল্যান্ডে রেখে আমি এই সূদুর জার্মানিতে এসে লীগ খেলছি। কিন্তু ইংল্যান্ডের প্রিমিয়ারশীপ খেলতে পারলে আমি পরিবারের সান্নিধ্যে থাকতে পারবো আর ইংল্যান্ডের জাতীয় দলে নিজের স্থান পাকাপোক্ত করার জন্য সুযোগ পাবো।