২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে টিকে থাকতে হলে চতুৃর্থ ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই

বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই জিম্বাবুয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

কিন্তু সেই স্বপ্ন এখন ঘোর দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব আর বোলারদের ব্যর্থতায় জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ পরাজয়ের হুমকির মুখে পড়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের খেলায় ১-২ এ পিছিয়ে আছে তারা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম খেলায় ২৪৬ রান করার পরও ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। শাহরিয়ার নাফিসের ৭৮ রান এবং অধিনায়ক হাবিবুল বাশারের ৪০ রানের ওপর ভর করে বাংলাদেশ জিম্বাবুয়ের সামনে এই ২৪৬ রানের টার্গেট বেঁধে দিয়েছিল। স্বাগতিকদের জন্য এই টার্গেট মোটেই সহজসাধ্য ছিল না। কিন্তু জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান ম্যাটসিকেনেরি’র অনবদ্য ৮৯ রান এবং চিগুমবুরা’র ৬৮ বলে অপরাজিত ৭০ রানের ঝড়ো ইনিংসে জিতে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। সেই সাথে খেলার ৪১ তম ওভারে আব্দুর রাজ্জাক এবং ৪৭ তম ওভারে মাশরাফির ১৫ রান প্রতিপক্ষের জয়কে অনেকখানি সহজ করে তোলে। অবশ্য খেলার ৪৯তম ওভারে মাশরাফি পরপর ২ বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষপর্যন্ত আশাহত হতে হয়েছে বাংলাদেশকে। এসময়ে জিম্বাবুয়ের জয়ী হতে ৯ বলে ৫ রান দরকার ছিল। হাতে ছিল ২ টি উইকেট। জিম্বাবুয়ে মাত্র ৪ বলেই প্রয়োজনীয় ৫ রান তুলে নিলে বাংলাদেশকে পরাজয় মেনে নিতে হয়।

মজার বিষয়, প্রথম ম্যাচের থেকে ৮ রান কম করেও দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ। ২৩৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১৭৬ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ব্যাটিং ও বোলিংয়ে মোহাম্মদ রফিকের নৈপূণ্যে ৬২ রানের এই জয়টি বাংলাদেশকে সিরিজে ফিরিয়ে নিয়ে আসে। এই ম্যাচে রফিক ৩২ রান করেন এবং ২ টি উইকেট নেন।

তৃতীয় খেলায় বাংলাদেশের হাত থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে যায় জিম্বাবুয়ে। আগের দুটি ম্যাচের মতো এই খেলায়ও টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৩৬ রানে অল আউট হয়ে যায় বাশারবিহীন বাংলাদেশ। দলের প্রয়োজনে ধারবাহিকভাবে সফল আফতাব তার ঝড়ো ইনিংসে ৩৯ বলে ৫৩ রান এবং রাজিন সালেহ ৯০ বলে ৫৪ রান করেন। আশরাফুল করেন ৪৬ রান। ২৩৬ রান তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে বেশ ধীর গতিতেই ইনিংস শুরু করে। তবে শেষ ওভারে মাশরাফির চরম ব্যর্থতায় এক ওভারেই ১৭ রান তুলে নিয়ে অবিস্মরনীয় এই জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে।

অবশ্য এই ম্যাচের একটি বড় প্রাপ্তি রয়েছে বাংলাদেশের। সেটি হলো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শাহাদাৎ হোসেন রাজীবের হ্যাট্রিক। একদিনের ক্রিকেটের ইতিহাসে ২১ তম ও প্রথম বাংলাদেশী বোলার হিসেবে হ্যাট্রিক করার গৌরব অর্জন করলেন বোলার শাহাদাৎ রাজীব। শাহাদাৎ দলীয় ৩৯ ওভারে জিম্বাবুয়ের মুফাম্বিসি, চিগুমবুরা ও অধিনায়ক প্রসপার উৎসেয়াকে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। মাশরাফির শেষ ওভার দুঃস্বপ্নের মতো এলোমেলো করে দেয় বাংলাদেশের জয়ের স্বপ্নকে। খেলার শেষ এই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২ টি উইকেট আর জিম্বাবুয়ের ১৭ রান । এই যুদ্ধে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশী থাকলেও অসম্ভবকে সম্ভব করে জয় ছিনিয়ে নিয়েছেন জিম্বাবুয়ের অল রাউন্ডার টেইলর। প্রথম ৫ বলে ১২ রান তুলে নেন তিনি। খেলার শেষ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রানের। মাশরাফির বাজে বোলিংয়ের সুযোগ নিয়ে শেষ বলে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিয়ে যান ৭৯ রানে অপরাজিত থাকা টেইলর।

সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের সামনে এখন ৪র্থ ম্যাচে জেতার কোনো বিকল্প নেই। আর সেটা যে অসম্ভব তাও নয়। বাংলাদেশ কিন্তু এরকম অবস্থার মধ্য দিয়েই এই জিম্বাবুয়ের বিরুদ্ধে তাদের প্রথম সিরিজ জয়লাভ করেছিল। সিরিজের প্রথম ২ ম্যাচে হেরেও মানজারুল রানা’র অনবদ্য পারফরমেন্সে পরের দুটি ম্যাচে জয়ী হয়ে খেলায় ফিরে এসেছিল বেঙ্গল টাইগাররা। আর শেষ খেলায় রফিক ও আফতাবের দূর্দান্ত নৈপূন্যে সিরিজ জয়ের কথা তো সবারই জানা। 

অধিনায়ক হাবিবুল বাশার আঙ্গুলের ইনজুরির কারণে সিরিজের বাইরে রয়েছেন। আগস্টের মাঝামাঝি কেনিয়ার বিপক্ষে সিরিজেও তিনি খেলছেন না। তাই বাশারবিহীন বাংলাদেশকেই হারাতে হবে জিম্বাবুয়েকে। দেখাই যাক না বিদেশের মাটিতে সিরিজ জয়ের আশায় উজ্জীবিত একটি টগবগে দল শেষ দুই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারে কিনা!