বাংলাদেশের টেস্ট মর্যাদার বিরুদ্ধে অপপ্রচার: বিসিবি সভাপতি কিছুই জানে না
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা বিষয়ে জোর অপপ্রচার চললেও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আলী আসগর লবী ওয়াকিবহাল নন। শুক্রবার তিনি বলেন, এই ধরণের প্রচারণার বিষয়ে তার কোন ধারণাই নেই।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো বুধবার এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউডারি লেকচারে বলেন, বাংলাদেশকে আর্ন্তজাতিক পর্যায়ে খেলার অনুমোদন দেওয়ায় খেলাটি সকলের দৃষ্টিতে মর্যাদা হারিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে রাজনৈতিক কারণেই আর্ন্তজাতিক পর্যায়ে আনা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, খেলার মাঠে রাজনীতির প্রবেশ ঠিক না বলে দাবি করার পরও আইসিসি’র এটা কি ধরণের ভন্ডামি?
অপরদিকে আইসিসি’র সর্বশেষ বিদায়ী সভাপতি এহসান মনি ক্রিকইনফো ম্যাগাজিনে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিলো।
লন্ডনে আইসিসি’র নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লবী বলেন, এহসান মনি এ ধরণের মন্তব্য করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না।
তবে তিনি মার্টিন ক্রো’র মন্তব্যের বিষয়ে কোন কিছু বলতে অস্বীকৃতি জানান।
আলী আজগর লবী সেখানে ২০১১ সালের আইসিসি বিশ্বকাপের সিডিউল চূড়ান্ত করতে সহযোগী আয়োজকদের সাথে বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ওই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান, ভারত ফাইনাল ম্যাচ এবং শ্রীলংকা ও পাকিস্তান একটি করে সেমিফাইনাল ম্যাচ আয়োজন করবে।
বিসিবি প্রধান বলেন, এহসান মনি এবং আইসিসি’র সিইও ম্যালকম স্পিড বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। এমনকি আইসিসি বাংলাদেশকে ভিন্ন দৃষ্টিতে বিবেচনা করছে, কারণ সাম্প্রতিক সময়ে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।
তিনি বলেন, আমরা ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে জয়ের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমরা নিজ দেশের মাটিতে ইউ--১৯ বিশ্বকাপ প্রতিযোগিতারও আয়োজন করেছি।
কিন্তু এমসিসি’র বিরুদ্ধে তারা (বিসিবি) প্রতিবাদ জানাবেন কিনা সে বিষয়ে বিসিবি প্রধান তার অবস্থান পরিস্কার করেননি। কারণ লর্ডসে অবস্থিত এমসিসি কাউডারি লেকচার বাংলাদেশ বিরোধী প্রচারণার ভেন্যুস্থলে পরিণত হয়েছে, যেখানে গতবছর ইংল্যান্ডের সাবেক ওপেনার জিওফ্রে বয়কট বলেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামলে তার মাও উইকেট পাবেন।
আইসিসি বিশ্বকাপ ২০১১ সালের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে লবী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রদর্শণী ম্যাচ অনুষ্ঠিত হবে, কারণ টুর্ণামেন্টে কোন ওপেনিং ম্যাচ নেই। ভারত ও পাকিস্তান একটি প্রদর্শণী ম্যাচ খেলতে সম্মত হয়েছে বলেও লবী উল্লেখ করেন।
বিসিবি প্রধান বলেন, বাংলাদেশে ২০০৪ সালে আইসিসি ইউ-১৯ বিশ্বকাপ আয়োজনে সফলতার ধারাবাহিকতায় ২০১১ সালের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনেও বিসিবি সক্ষম বলে সকলে বিশ্বাস করে।
তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সকলের জন্য স্মরণীয় করে রাখতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো। আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অথবা মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবো বলেও লবী উল্লেখ করেন।
