ইনজুরির কারণে ইংল্যান্ড সফর থেকে বিরত থাকছেন রানা নাভেদ
কুঁচকির ইনজুরির কারণে পাকিস্তানের ফাস্ট বোলার রানা নাভেদ দলের সাথে ইংল্যান্ড সফরে যেতে পারছেন না।
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্স--এ খেলার সময় নাভেদ কুঁচকিতে গুরুতর আঘাত পান।
পিসিবি’র পরিচালক (ক্রিকেট অপরারেশন) সেলিম আলতাফ বলেন, “লাহোরে নাভেদের কুঁচকির প্রাথমিক স্ক্যান করার পর আমরা নিশ্চিত, ইংল্যান্ড সফরে দলের সাথে যেতে পারছেন না তিনি কারণ কুঁচকির সমস্যার জন্য তার অস্ত্রোপচার করতে হতে পারে।”
গোড়ালির ইনজুরির কারণে পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার ইতোমধ্যেই ইংল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নাভেদের কুঁচকিতে অস্ত্রোপচার করা হলে তাকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বলেও আলতাফ জানান।
ইংল্যান্ড সফরে পাকিস্তান ৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে। ১৩ জুলাই লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে।
