২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনের শীর্ষ চার খেলোয়াড়ই এসএ গেমসের ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহন করবেন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ থেকে বর্তমানে অনুশীলনে থাকা বিভিন্ন ইভেন্টের শীর্ষ চার জন করে খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ঢাকা সেনানিবাসে বৃহস্পতিবার এসএ গেমসে অংশগ্রহনকারী ১৮ টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি এবং সেনাপ্রধান মঈন ইউ আহমেদের মধ্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বিওএ পরিচালক ও চীফ অপরাশেন অফিসার কর্ণেল (অব:) ওয়ালিউল্লাহ সভা শেষে বিডিনিউজকে জানান, অনুশীলনে যারা বিগত সাফ গেমসের রেকর্ড ধরে রাখতে সক্ষম হবে তাদের মধ্যে থেকে সর্বাধিক শীর্ষ চারজন করে খেলোয়াড়কে এসএ গেমসের ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহন করতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সভায়।

সভায় অনুশীলনে অংশগ্রহনকারী খেলোয়াড়দের সংখ্যা কমানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। ক্যাম্পে যারা ইসলামাবাদ সাফ গেমসের ব্যক্তিগত ইভেন্টের ষষ্ঠ রেকর্ড স্পর্শ বা অতিক্রম করতে পারবে শুধুমাত্র তারাই অনুশীলন ক্যাম্পে থাকবে বলে তিনি জানান।

বিওএ সভাপতি এ সময় অনুশীলনের বিভিন্ন সমস্যার ব্যাপারে সংশ্লিষ্ট ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের বক্তব্য শোনেন এবং ক্যাম্পে বৈদ্যুতিক পাখা, এয়ারকন্ডিশনার, খেলার সরঞ্জামসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

বিওএ সভাপতি মঈন ইউ আহমেদ অনুশীলনের বিভিন্ন ছোটখাটো সমস্যা নিজ দায়িত্বে মিটিয়ে ফেলতে ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের প্রতি অনুরোধ জানান।

সভায় এসএ গেমসে উশু ইভেন্টে খেলোয়াড় না পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়েছে।  

বিওএ’র সাথে এই সভায় অ্যাথলেটিক, শ্যূটিং, টেবিল টেনিস এবং কুস্তি ফেডারেশন ছাড়া এসএ গেমসে অংশগ্রহনকারী সাঁতার, বক্সিং, কাবাডি, আর্চারি, ব্যাডমিন্টন, কারাতে, ভারোত্তোলন, সাইক্লিং, হকি, দাবা, জুডো, তায়কোয়ান্দো, গলফ এবং ফুটবল ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।