ক্রোয়েশিয়ার নতুন ভরসা মড্রিক
রোনালদো, রোনালদিনহো, বেকহ্যামদের ভীড়ে লুকা মড্র্রিককে কেই বা চেনে। ততটা তারকা খ্যাতিও নেই তার। কিন্তু তারপরও বিশ্বকাপে ক্রোয়েশিয়ার নতুন ভরসা হিসেবে আর্বিভুত হয়েছেন মাঝমাঠের তুখোড় এই ফুটবলার- লুকা মড্রিক।
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য ১ মার্চ দিনটি দুঃস্বপ্নই হয়ে থাকবে। কারণটা হচ্ছে এদিন লাতকো কারাঞ্জকারের দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে ৩ -- ২ গোলে হেরে যায় ম্যারাডোনার দেশটি। আর শক্তিশালী এই ল্যাটিন আমেরিকার দেশটির বিরুদ্ধে অসাধারণ নৈপুন্য দেখিয়ে ক্রোয়েশিয়ার দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসেন মড্রিক।
জার্মানি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে গ্রুপে রয়েছে ব্রাজিল, জাপান এবং অস্ট্রেলিয়ার মত শক্তিধর দেশগুলো। কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে প্রীতি ম্যাচে জয় বিশ্বকাপে এতসব পরাশক্তির বিরুদ্ধে ক্রোয়েশিয়াকে উৎসাহ জোগাবে সন্দেহ নেই।
ডায়নামো জাগরেবের এই ক্ষুদ্র তারকা ইনজুরি আক্রান্ত রবার্ট কোভাকের জায়গায় খেলতে নেমেই মাঠ মাতিয়েছেন। আর কোচ কারাঞ্জকারও পেয়েছেন ভরসা। নিকো কারাঞ্জকার এবং নিকো কোভাকের সাথে মড্রিকের গড়া মিডফিল্ডের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনার বিশ্বখ্যাত মিডফিল্ডাররা।
আর্জেন্টিনার সাথে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়া শুধু জয়ই পায়নি সেইসাথে একজন ফুটবলারও পেয়েছে।
