আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে প্রতিশোধ নিলো ভারত
আবুধাবিতে পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হকের অনবদ্য ৭৯ রানও ডিএলএফ কাপ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের জয়কে থামাতে পারেনি। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ ৫১ রানে জিতে ভারত সিরিজে ১--১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে।
ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র সেওয়াগ ৭২ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দুর্দান্ত ৯২ রানের উপর ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
রাহুল দাব্রিড় ও মহেন্দ্র সিং ধোনী দ্বিতীয় উইকেট জুটিতে ৯০ রান যোগ করেন। ধোনী ৫৯ রান করার পর পাক পেসার রানা নাভেদের বলে বোল্ড হয়ে যান।
শেষ দিকে যুবরাজ সিং মাত্র ১০ বল খেলে মূল্যবান ২৪ রান সংগ্রহ করেন।
পাকিস্তানের পক্ষে রানা নাভেদ ২ টি, আফ্রিদি ও মোহাম্মদ আসিফ ১ টি করে উইকেট পান।
শোয়েব মালিক ও রানা নাভেদ উল রানা ছাড়া অন্য কোনও পাক ব্যাটসম্যান ইনজামাম উল হককে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেননি। পাকিস্তানের ইনিংস ৪৫ দশমিক ২ ওভারে ২১৮ রানেই থেমে যায়।
ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান ও রমেশ পাওয়ার উভয়ই ৩ টি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচ জয়ের মাধ্যমে শেখ জায়েদ স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ছয় উইকেটে পরাজয়ের প্রতিশোধ দিলো ভারত।
ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়।
