২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরো শক্তি নিয়োগ করবে বাংলাদেশ

ফতুল্লা টেস্ট এই মুহূর্তে অতীত। কিন্তু সেই টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে চেপে ধরার স্মৃতিটুকু এখনও জ্বলজ্বল করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ফতুল্লার উজ্জীবিত নৈপুন্যকে আলোকবর্তিকা ধরেই চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নিজেদের শক্তির পুরোটা ঢেলে দিতে উদগ্রীব বাংলাদেশ। 

টেস্ট ক্রিকেটের পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ফতুল্লা টেস্টের প্রথম তিনদিন প্রচন্ড চাপের মধ্যে ফেলে দিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দেয় টেস্ট অঙ্গনের শিশু বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অল্প সংগ্রহে বেঁধে ফেলে শেষ পর্যন্ত ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করে বিশ্বচ্যাম্পিয়নরা।

ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়া চট্টগ্রামেও বাংলাদেশের বিরুদ্ধে ওইরকম কঠিন লড়াইয়ের মুখে পড়তে চাইবে না এটাই স্বাভাবিক।

অস্ট্রেলিয়া যে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না সেটা অবশ্য বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশারও ভালো করেই জানেন। তারপরও অধিনায়কের মনে অন্য ভাবনা। শনিবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নিজের তথা দলের ইচ্ছের কথা। বাশার বলেন, আমরা জানি দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দারুনভাবে ফিরে আসার চেষ্টা করবে, তবে আমাদের চেষ্টা থাকবে তাদের বিরুদ্ধে সেরা খেলাটা উপহার দেওয়ার।

৩২ বছর বয়স্ক বাংলাদেশের অধিনায়ক জানান, ফতুল্লা টেস্টের শিক্ষা দ্বিতীয় টেস্টে বাস্তবায়ন করতে চান তিনি।

ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের কারণে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় এবং অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩০৭ রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয়।

চট্টগ্রামের উষ্ণ আবাহওয়া দ্বিতীয় টেস্টে দুই দলের মধ্যে একটা পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন বাশার। বাশারের ধারনা, প্রচন্ড গরমে অস্ট্রেলিয়াকে বেশ ঝামেলা পোহাতে হতে পারে। উল্টো দিকে এই গরম আবাহওয়াই বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি হতে পারে বলে মনে করেন বাংলাদেশের সবচেয়ে সফল এই টেস্ট ব্যাটসম্যান।

বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোরও ফতুল্লা টেস্টের স্মৃতি ঝেড়ে ফেলে চট্টগ্রামে নতুন করে শুরু করতে চান। ফতুল্লা টেস্টের ভুল শুধরে নিয়ে চট্টগ্রামে ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন ডেভ।

চট্টগ্রামের পিচ সম্পর্কে কিউরেটর বদিউল আলম খোকন যা বলেছেন, তাতে করে পিচ ফ্ল্যাট হবে এটা ধরেই নেওয়া যায়। তবে এতে কিছুটা বাউন্সও থাকবে বলে জানিয়েছেন খোকন।

বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকাকে এই রকম ফ্ল্যাট উইকেটেই ৩ -- ০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশে আসার পর পিচ নিয়ে অসিদের খুব একটা সুখস্মৃতি নেই। ফতুল্লার পিচে শুধু বাংলাদেশ নয়, নীচু এবং এলোমেলো বাউন্স, আর চতুর্থ দিন থেকে স্পিনারদের বিরুদ্ধে লড়তে হয়েছে সফরকারীদের।

এদিকে ফতুল্লা টেস্টে ছোটখাটো ইনজুরিতে পড়া স্পিনার এনামুল হক জুনিয়রের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তার ব্যাপারে রোববার সকালে সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন বাশার।

অন্যদিকে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই বাংলাদেশকে চাপের মধ্যে ফেলে দিতে চান অসি অধিনায়ক রিকি পন্টিং। বোঝাই যাচ্ছে ফতুল্লা টেস্টের পুনরাবৃত্তি চাচ্ছেন না অসি দলনায়ক।

শেন ওয়ার্ন এবং ব্রেট লি দ্বিতীয় টেস্টের জন্য পুরোপুরি ফিট না হলেও দুইজনের ব্যাপারে রোববারই সিদ্ধন্ত নেওয়া হবে জানিয়েছেন পন্টিং।