২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন করবে বাফুফে

এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের লজ্জাজনক পরাজয়ের পেছনের কারণ অনুসন্ধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বাংলাদেশ গত সোমবার টুর্নামেন্টের কোয়ার্টাফাইনালে তাজিকিস্তানের বিরুদ্ধে ৬ -- ১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বুধবার জানিয়েছেন, তাজিকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের এমন লজ্জাজনক হারে ফেডারেশন খুবই হতাশ। দলের এই পরাজয়ের কারণ খুঁজে বের করতে কয়েকদিনের মধ্যেই একটি এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান হেলাল।

এ ব্যাপারে তিনি ইতোমধ্যে বাংলাদেশ  দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সাথেও আলোচনা করেছেন।

কোচ ক্রুসিয়ানি বাংলাদেশের পরাজয়ের কারণ হিসেবে দলের খোলায়াড়দের নার্ভাস হয়ে পড়া এবং তাজিক ফুটবলারদের কোন শক্তিবর্ধক ড্রাগ গ্রহনের দিকে ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন হেলাল। বাফুফে সাধারণ সম্পাদক বলেন, সোমবারের ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের নার্ভাসনেসের ব্যাপারটি ছাড়াও পুরো ম্যাচে তাজিকিস্তানের ফুটবলারদের অবিশ্বাস্য দক্ষতার বিষয়টিও দেখেছি।

সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়ায় দলের ছন্দ পতন হয়েছে কিনা জানতে চাইলে হেলাল জানান, পুরো ম্যাচে শুধুমাত্র আলফাজ একবার আক্রমনে যাওয়া ছাড়া গোলরক্ষক আমিনুল, ডিফেন্ডার রজনী এবং নজরুলের পারফরম্যান্সও ছিল নি®প্রভ। তাছাড়া ফুটবলের বৃহত্তর স্বার্থেই তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টিও যৌক্তিক ছিল বলে জানান তিনি।

কিংবদন্তী ফুটবলার কাজী সালাহউদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির উপরই যেহেতু জাতীয় দলের যাবতীয় দায় দায়িত্ব সেক্ষেত্রে ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় বাংলাদেশের পরাজয়ের বিষয়টি নিয়ে তাদের সাথেও আলোচনা করবে বাফুফে। এ মাসেই নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে আসন্ন এসএ গেমসের জন্য শিগগিরই বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন হেলাল। আগামী ১ মে থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হতে পারে।