২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময়সীমা বাড়াতে নারাজ ফিফা

জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলে প্রতিদ্বন্দিতাকারী ৩২ দল চূড়ান্ত পর্বে তাদের ২৩ সদস্য বিশিষ্ট দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার সময়সীমা বৃদ্ধির আবেদন করার পর ফিফা তা প্রত্যাখান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:39 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা পূর্ব নির্ধারিত ১৫ মে তারিখের মধ্যে প্রতিটি দলের সদস্যদের নাম জমা দেওয়ার সময়সীমা মেনে চলার বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ইংল্যান্ড জাতীয় দলের কোচ স্যাভেন গোরান এরিকসন আশা করেছিলেন ৯ জুন টুর্নামেন্ট শুরুর কাছাকাছি সময় দলের ফুটবলারদের নাম ঘোষণার সময়সীমা বেঁধে দেওয়া হবে।

এরিকসন বিশ্বাস করেন, জার্মানির বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলসমূহের বেশিরভাগ কোচ তার সাথে একমত হবেন।

তবে বৃহস্পতিবার বিশ্বকাপ আয়োজক কমিটির এক সভায় এই পরিকল্পনা নাকচ করে দেওয়া হয়।

ফিফা’র বিবৃতিতে বলা হয়, “ফুটবলারদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তাত হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার জন্যই ফিফা’র এই ধরনের পদক্ষেপ নিয়েছে। এই সময়সীমার পর ইনজুরি কবলিত খেলোয়াড়দের বিশেষ ব্যবস্থার মাধ্যমে দলগুলোতে নেওয়া হতে হবে।”

এদিকে ফিফা’র নির্ধারিত ১৫ মে সময়সীমা শেষ হবে চ্যাম্পিয়ান্স লিগ ফাইনালের দুই দিন আগে। তবে ফাইনালের দল দু’টির মধ্যে জায়গা পাওয়া ফুটবলারদের খেলতে দিবে ফিফা।