চট্টগ্রাম টেস্টে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ - শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিন জমে উঠেছে ব্যাট - বলের লড়াই। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী শ্রীলঙ্কা যেমন ৩১৩ রান তুলেছে, তেমনি বল হাতে বাংলাদেশের বোলাররা তুলে নিয়েছেন ছয় উইকেট। তবে সব মিলিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।
এর আগে স্বাগতিকরা নয় উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে এবং আর মাত্র চার রান যোগ হতেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শাহাদত হোসেন রাজিব তার ১১ রানের সাথে দুই রান যোগ করে লঙ্কান সফল বোলার লাসিথ মালিঙ্গার ইনসুইঙ্গার বলে ডিপ স্কয়ার লেগে থারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এনামুল হক জুনিয়র তিন রানে অপরাজিত থাকেন।
শাহাদতের উইকেটটি নিয়ে লঙ্কান পেসার মালিঙ্গা আগের দিনের তিন উইকেটকে চারে উন্নীত করেন। এছাড়া মুরালিধরন তিন এবং বান্দারা দুই উইকেট শিকার করেন।
বাংলাদেশের রান তাড়া করতে নেমে স্কোর বোর্ডে কোন রান না উঠতেই ওপেনার মাইকেল ভ্যাটডর্টকে হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় শ্রীলঙ্কা। পেসার সৈয়দ রাসেলের স্ট্যাম্পের অনেক বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক খালেদ মাসুদের বিশ্বস্ত হাতে ধরা পড়েন ভ্যানডর্ট।
দ্বিতীয় উইকেট জুটিতে উপল থারাঙ্গা এবং কুমার সাঙ্গাকারা ৮৬ রানের জুটি গড়ে সেই ধাক্কাটা অবশ্য কাটিয়ে উঠেন। সাঙ্গাকারা হাফ সেঞ্চুরি করলেও দুই রানের জন্য অর্ধশতকের দেখা পাননি থারাঙ্গা। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলে ৫৮ বলে আটটি চারে ৪২ রান করা থারাঙ্গা বাংলাদেশের সেরা স্পিনার মোহাম্মদ রফিকের ঘূর্ণিবলের কাছে হার মানেন। শর্টলেগে মোহাম্মদ আশরাফুল থারাঙ্গার ব্যাট -- প্যাড ক্যাচটি লুফে নেন।
রফিক যে এখনও ম্যাচ উইনার বোলার সেটা জয়বর্ধনের মূল্যবান উইকেটটি তুলে নিয়ে ভালোভাবেই প্রমান করেছেন তিনি। তবে রফিকের স্পিনের বিপরীতে উঁচু করে মারতে গিয়ে মিড অনে শাহাদতের হাতে ক্যাচ দেওয়ার আগে সাঙ্গাকারার সাথে তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন লঙ্কান অধিনায়ক। দলের রান তখন ১৪৯, আর দলের এই অবস্থাতেই কোন রান যোগ করার আগেই আরেক বাঁ হাতি স্পনার এনামুল হক জুনিয়রের শিকারে পরিনত হন শ্রীলঙ্কার ব্যাটিং নির্ভরতার প্রতীক কুমার সাঙ্গাকারা। তবে ১০৮ বলে নয়টি চারের মাধ্যমে করা সাঙ্গাকারার ৬৯ রানের ইনিংসটিই যে শ্রীলঙ্কার মান বাঁচিয়েছে সেটা বলাই বাহুল্য।
এরপর পঞ্চম এবং ষষ্ঠ উইকেট জুটিতে সফরকারীদের ইনিংস মেরামত করেন থিলান সামারাবীরা, তিলকরত্নে দিলশান এবং ফারভিজ মাহরুফ। পঞ্চম উইকেট জুটিতে সামারাবীরা এবং দিলশান অবশ্য বেশিদুর এগোতে পারেননি। এই জুটিতে রান ওঠে ২৯, আর ২২ রান করে এনামুলের দ্বিতীয় শিকারে পরিনত হন দিলশান।
শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বড় পার্টনারশীপটি গড়ে ওঠে সামারাবীরা এবং মাহরুফের মধ্যে। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ১১৭ রান তোলেন। এর মধ্যে মাহরুফ ১৩৩ বলে দশটি চার এবং একটি ছক্কার মাধ্যমে ৭২ রান করে শাহাদতের বলে বোল্ড হয়ে গেলেও ৫৭ রান করে ক্রিজে রয়েছেন সামারাবীরা।
বাংলাদেশ তৃতীয় দিন কতটা দ্রুত শ্রীলঙ্কার বাকি চার উইকেট তুলে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়।
