২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বাংলাদেশ-স্কটল্যান্ড শেষ ওয়ানডে

প্রথম ওয়ানডের ঠিক আগেরদিন তবু প্র্যাকটিসে ছাড় পেয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে শেষ ম্যাচের আগে সে সুযোগ পাননি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

আগেরদিন রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর শনিবার সকালে ঠিকই প্র্যাকটিসে নেমে পড়েছিল হাবিবুল বাশারের দল। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার সিরিজের শেষ ম্যাচ। এ ম্যাচের একাদশ কী হবে, তা শনিবার সন্ধ্যায়ও জানাতে পারেননি হাবিবুল। কারণ মোহাম্মদ রফিকের জন্য অপেক্ষা। গোড়ালির চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি দেশসেরা এ বাঁ-হাতি স্পিনার। অবশ্য স্কটিশদের সঙ্গে শেষ ম্যাচে তাকে খেলানোর ইচ্ছার কারণেই একাদশ নির্ধারনে বিলম্ব। বাংলাদেশ অধিনায়ক জানাচ্ছেন,“আমরা ম্যাচের দিন সকালে একাদশ ঠিক করব। ওই দিন সকালে মোহাম্মদ রফিকের ফিটনেস টেস্ট নেয়া হবে। তারপরই আমরা সিদ্ধান্ত নেব।” তার জন্য অপেক্ষাই বুঝিয়ে দিচ্ছে ফিটনেস টেস্টে পাস করলে এ ম্যাচ খেলবেন রফিক।

এই ম্যাচ খেলার জন্য রফিকের নিজেরও মুখিয়ে থাকার কথা। কেননা বিশ্বকাপের আগে আপাতত বাংলাদেশের ওয়ানডে খেলার পর্ব চুকে যাচ্ছে এই ম্যাচ দিয়েই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জিম্বাবুয়ে সফরে গেলে অবশ্য ভিন্ন কথা। তবে সেটা যেহেতু এখনো চূড়ান্ত নয়, তাই আবার ম্যাচ খেলার জন্য ক্ষণ গুনতে শুরু করারই কথা বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সেই সঙ্গে বড় দলের বিপক্ষে খেলতে না পারার হতাশাও থাকবে। বিশ্বকাপ শুরুর বেশ কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে বাংলাদেশ। সেখানেও প্রস্তুতির জন্য কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবেন হাবিবুলরা। কিন্তু অ্যান্টিগায় অনুষ্ঠেয় সেই ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ এই স্কটল্যান্ডেরই সমগোত্রীয় দুটো দল। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির দুই সহযোগী সদস্য বারমুডা ও কানাডার সঙ্গে খেলে বিশ্বকাপের জন্য শেষ মুহুর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ।