২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার লিগে ভালো দল হবে আবাহনী আর মুক্তিযোদ্ধার

তারকার মেলার জায়গাটি এবার রূপ নিচ্ছে বিরান ভূমিতে। গত দুই মৌসুম তারার মেলা বসেছিল যেখানে, যেখানে ঢাক-ঢোল পিটিয়ে, রীতিমতো মিছিল করে ভিড় জমিয়েছিলেন তারকা ফুটবলাররা, সেই ব্রাদার্স এখন তারকাশূন্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

কিন্তু ব্রাদার্স ম্যানেজার আমের খানকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি ব্যাখ্যা করলেন অন্যভাবে। দল থেকে কারা যাচ্ছেন কিংবা আসছেন তা বলতে চাইলেন না, “আমরা খেলোয়াড়দের একটা তালিকা করছি, দু-এক দিনের মধ্যেই দলের চেহারা জানাতে পারবো।” আসল কথা হলো, দলের হতশ্রী অবস্থার কথা তিনি প্রকাশ করতে চাইছেন না। তবে গোপন রেখেই-বা লাভ কী। আবাহনী-মুক্তিযোদ্ধার আগ্রাসনে ব্রাদার্স ছন্নছাড়া – এ রটনা তো অনেক আগের। বৃহস্পতিবার থেকে যা আনুষ্ঠানিকতায় রূপ নেবে। বহু প্রতিক্ষীত এবং বহুল আলোচিত দলবদল ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

তাই কিছু গোপন রাখতে চাইলেও পারবে না কোনো দল। এ সময়ের মধ্যেই ফাঁস হয়ে যাবে কার ঘরে কে হানা দিয়েছে। সেই খবর অনুযায়ী গত দুবারের ঢাকা লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স প্রথম পেশাদার লিগের দলবদলেই বড়সড় এক হোঁচট খাচ্ছে। তারকা খ্যাতি পাওয়া ৭-৮ জন খেলোয়াড়কে হারাচ্ছে তারা, নতুনদের মধ্যেও থাকছে না উল্লেখযোগ্য কেউ। সেই মিট মিট করে জ্বলা তারকা জুয়েল রানা-মাসুদ রানারাই ভরসা।

এই ব্রাদার্সকে ভেঙ্গে সবচেয়ে লাভবান হচ্ছে ঢাকা আবাহনী। গোলরক্ষক তারেক, ডিফেন্ডার সুজন ও সিরাজী, মিডফিল্ডার আবুল, প্রাণতোষ এবং স্ট্রাইকার এমিলিকে নিয়ে এসে এবার শক্তিশালী দল গঠন করছে ধানমন্ডির এই ঐতিহ্যবাহী দলটি। তাদের আরো দুটো উল্লেখযোগ্য সংগ্রহ হচ্ছে মোহামেডানোর গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য ও ডিফেন্ডার নজরুল। প্রায় এক বছরেরও বেশি আগে থেকেই তারা দল গঠন কাজ শুরু করেছিল। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু সেরকমই বলেছেন, “২০০৫ সালে ভালো দল গঠন করতে ব্যর্থ হওয়ার পর থেকেই আবাহনী পরেরবার শক্তিশালী দল গঠনের প্রস্তুতি নিচ্ছিল। তখন থেকেই বড় বাজেট নিয়ে মাঠে নেমেছিলাম আমরা। তাই অন্যান্য দলের ফুটবলারদের অগ্রিম টাকা দিয়ে একরকম নিশ্চিত করে রেখেছিল আবাহনী। পাশাপাশি নিজেদের আগের খেলোয়াড়দেরও বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, রয়ে গেছেন মিডফিল্ডার জয়, জাহিদ পারভেজ, আব্দুল্লাহ পারভেজ ; ডিফেন্ডার ওয়ালী ফয়সাল, প্রদীপ ও ওবায়দুর এবং স্ট্রাইকার টিপু ও উজ্জ্বল। অনেকদিন ধরে ঘরোয়া ফুটবলের বড় শিরোপাবঞ্চিত ঢাকা আবাহনী এবার বেশ শক্তিশালী হয়েই পেশাদার লিগে যাত্রা শুরু করছে।

মুক্তিযোদ্ধা অবশ্য বরাবরই শক্তিশালী দল গড়ে। এবার তারা মোহামেডান-ব্রাদার্স ভেঙ্গে আরো শক্তি সঞ্চয় করেছে। মোহামেডান থেকে নিয়ে এসেছে দুই পুরনো তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ ও মিডফিল্ডার মতিউর মুন্নাকে। তাদের সঙ্গী হয়েছেন মোহামেডানের উঠতি তারকা আরমান আজিজ। ব্রাদার্স ছেড়ে আসছেন পারভেজ বাবু। এছাড়া পুরনো খেলোয়াড় রজনী, হাসান আল-মামুন, আমিনুল, টিটু, আরমান, বিদ্যুৎরা তো আছেনই। সব মিলিয়ে যা অবস্থা তাতে মুক্তিযোদ্ধার নতুন কোচ আবু ইউসুফ প্রথম পেশাদার লিগ চ্যাম্পিয়ন হওয়ারই স্বপ্ন দেখছেন, “যে দল হয়েছে তাতে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ দেখি না। দলে পরে কয়েকজন বিদেশীও যোগ দেবে।”

ফুটবলে এমন খেলোয়াড় সংকট যে দুটো দল শক্তিশালী হয়ে গেলে বাকিদের কমজোরি হয়েই থাকতে হবে। সেই ভাগ্য বরণ করে নিতে হচ্ছে মোহামেডানকেই। দলের কোচ শফিকুল ইসলাম অকপটে স্বীকারও করলেন সেটা, “সেরকম বিখ্যাত কোনো তারকা নেই মোহামেডানে। উঠতি খেলোয়াড়দেরই দল হবে এটি। কয়েকদিন প্র্যাকটিস করানোর পর দলের শক্তি ও দুর্বলতা বিবেচনা করে বিদেশীদের দিকে নজর দেবো।” এবার মোহামেডানের মূল শক্তি বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের ৭ জন ফুটবলার।

শেখ রাসেল ক্রীড়া চক্রও গড়ছে মোহামেডানের মতো দল। তারকার মিছিল না থাকলেও ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যয় আছে ক্লাবের সভাপতি নুরুল আলম চৌধুরির।

বাকি দলগুলো আরামবাগ, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ এবং ঢাকার বাইরের চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, খুলনা আবাহনী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা যে লিগে বড় দলগুলোর জন্য খুব বড় হুমকি হয়ে দাঁড়াবে না তা মোটামুটি বলেই দেওয়া যায়। আসলে নামে পেশাদার লিগ হলেও এটা ঢাকা প্রিমিয়ার লিগেরই নতুন একটা সংস্করণ, যেখানে শিরোপার লড়াই হবে ঢাকার বড় দলগুলোর মধ্যেই। গুনে-মানে উৎকর্ষ হবে তা নয়, কেবলই নতুন বোতলে পুরনো মদ; এরই নাম হবে পেশাদার লিগ।