ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭ উইকেটে
চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে ফেলেছে তারা। ব্রায়ান লারার দল ১৫.১ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটে।
সিরিজে ০-২ তে পিছিয়ে থেকে এ ম্যাচ খেলতে নামা ওয়েস্টইন্ডিজকে প্রথম জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন শিবনারায়ন চন্দরপল (৬০) ও মার্লন স্যামুয়েলস । মাত্র ১১ রানের মধ্যে গেইল (৯) ও সিমন্সকে (০) হারানোর পর ১৪১ রানের জুটি গড়ে তুলেছিলেন এই দুজন। দুজনকেই আউট করে পাকিস্তানের জয়ের আশা জাগিয়েছিলেন রানা নাভিদ। মোহাম্মদ সামি চন্দরপলকে ফেরাতে পারলেও আর কোনো সাফল্যের মুখ দেখেনি পাকিস্তান। ৯৯ বলে ১৭ টি চার আর ১ টি ছক্কায় সেঞ্চুরি করে অপরাজিত থেকে যান সামুয়েলস (১০০*)। অধিনায়ক ব্রায়ান লারা ও খেলেছেন ১৩ রানের হার না মানা ইনিংস।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। খুব ভালো করতে পারেনি আব্দুর রাজ্জাকের অধিনায়কত্বে নামা দলটি। শুরুটা ওয়েস্টইন্ডিজের মতো খারাপ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ যেখানে ১১ রানে হারিয়েছিল প্রথম দুজনকে, পাকিস্তান সেখানে আফ্রিদি (১) আর ইমারান ফারহাতকে (১) হারিয়ে পেয়েছিল ৩৩ রান। কিন্তু তারপর চন্দরপল-স্যামুয়েলসদের মতো কোনো বড় জুটি গড়ে না ওঠায় ৪৯.৫ ওভারে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন ইয়াসির হামিদ। বাকিদের মধ্যে বলার মতো অবদান ছিল শুধু ফয়সল ইকবাল (৩০) ও আব্দুর রাজ্জাকের(৩৩)। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ড্যারেন পাওয়েল। ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। অবশ্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মার্লন স্যামুয়েলস।
