এসএ গেমসে ক্রিকেটও রাখবে বাংলাদেশ
এসএ গেমসে ক্রিকেট ! একদিনে কেবল একটি ম্যাচ, প্রতিবেশী দলগুলোর মধ্যে খেলাটির এত বাড়-বাড়ন্ত, ম্যাচের সংখ্যা-এসব দিক বিবেচনায় কোনো গেমসে ক্রিকেটকে বেমানান মনে হলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন দশম এসএ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চাইছে। মঙ্গলবার এসএ গেমস প্রস্তুতি কমিটির সভায় ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার পক্ষেই মত দিয়েছেন সবাই।
হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত ? বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেনের যু্িক্ত,“‘ক্রিকেটকে রাখলে স্পন্সরের অভাব হবে না। তাছাড়া এক্সপোজারও বেশি হবে।তাছাড়া এ খেলায় আমাদের সম্ভাবনাও ভালো। এসব দিক বিবেচনা করেই আমরা ক্রিকেটকে এসএ গেমসে রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
দশম এসএ গেমসের স্বাগতিক হিসেবে বাংলাদেশ ক্রিকেটকে রাখতে চাইতেই পারে, তবে তা চূড়ান্ত হওয়া নির্ভর করছে অলিম্পিক কমিটি অব এশিয়া (ওসিএ) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমোদনের ওপর। অবশ্য এ সিদ্ধান্ত নেওয়ার আগেই বিওএ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশেনের সেক্রেটারি রাজা রনধীর সিংয়ের সঙ্গে আলাপ করে নিয়েছে। তিনি আবার ওসিএ’র সেক্রেটারি। “তার কাছ থেকে একরকম গ্রিন সিগনাল পাওয়া গেছে”-বলেছেন কারেন। তার মানে আনুষ্ঠানিক অনুমোদন কেবল সময়ের ব্যাপার। তবে সিনিয়র দল নয়, অনুর্ধ্ব-১৭ কিংবা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রতিযোগিতা হবে এটি।
ক্রিকেটের পাশাপাশি এস এ গেমসে নতুন করে অন্তর্ভূক্ত হতে যাচ্ছে গলফও। এক্ষেত্রেও একই চিন্তা-বাংলাদেশের গল্ফারদের অনেক উন্নতি হয়েছে আর গলফ কোর্সেরও অভাব নেই দেশে।
দুটো খেলা যোগ হওয়ার অপেক্ষায় থকালেও বাদ পড়েছে ৫টি খেলা। গত কলম্বো সাফে ছিল মোট ২০টি খেলা, সেখান থেকে বাদ পড়ছে উশু, সাইক্লিং, রোয়িং, স্কোয়াশ ও হকি। হকি কেন বাতিলের তালিকায় ? উপ-মহাসচিব কারেনের উত্তর, “প্রথম কথা হচ্ছে, এটা দলগত খেলা। তাই ৭/৮ টা দলের খেলোয়াড়দের রাখার জন্য অনেক জায়গার দরকার। কিন্তু আমাদের তো ভারত-পাকিস্তান-শ্রীলংকার মতো হোটেল ফ্যাসিলিটি নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, হকিতে আমাদের রেজাল্টও তেমন ভালো নয়।”
বাদ না পড়া ১৫ টি ডিসিপ্লিন হচ্ছে ফুটবল, অ্যাথলেটিকস, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, কারাতে, শুটিং, জুডো, কাবাডি, তায়েকোয়ান্দো, বক্সিং, কুস্তি ও আর্চারি। ক্রিকেট আর গলফ যোগ হলে শেষপর্যন্ত দশম এসএ গেমসের ডিসিপ্লিন সংখ্যা দাঁড়াবে ১৭।
সভায় এস এ গেমসের ভেন্যুগুলোও মোটামুটি ঠিক করা হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ফুটবল ও অ্যাথলেটিকসের ভেন্যুও হবে এটি।
ফতুল্লাহ ও কমলাপুর স্টেডিয়াম হবে অংশগ্রহনকারী ফুটবল দলগুলোর প্র্যাকটিস-ভেন্যু। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে হবে ক্রিকেট। মিরপুর ইনডোর স্টেডিয়ামে হবে ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল। মিরপুর সুইমিং পুলে হবে সাঁতার, বিকেএসপিতে হবে আর্চারি, ভারোত্তোলন ও কাবাডি এবং শুটিং হবে গুলশান শুটিং রেঞ্জে।
প্রথম সভায় এভাবেই]ভেন্যুগুলোর একটা খসড়া করা হয়েছে। তবে গেমসের বাজেট নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত হয়নি। এ সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ, উপ-মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন, কোষাধ্যক্ষ মনিরুল হক।
