প্রথম বিভাগ ক্রিকেট লিগে পারটেক্সের দশম জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে মঙ্গলবার দশম জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে পারটেক্স ৮৭ রানে হারিয়েছে ধানমন্ডি ক্লাবকে।
দিনের অন্যান্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব সাত উইকেটে ইয়ং পেগাসাস-বি দলকে এবং ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব ৩৭ রানে বাংলাদেশ বয়েজকে হারিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে পারটেক্স প্রথম ব্যাট করে নিরালার অনবদ্য শতরানের সুবাদে নয় উইকেটে ২৪০ রান করে। নিরালা ১৩৫ বলে ১১৪ রান করেন। এছাড়া নাদিম ৬৯ রান করেন। জবাবে ধানমন্ডি ক্লাব ১৫৩ রানে অলআউট হয়ে যায়। শুদ্ধ ৫৬ রান করে অপরাপজিত থাকেন।
সিটি ক্লাব মাঠে প্রথম ব্যাট করে ইয়ং পেগাসাস--বি দল ১৫২ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ইসমাইল। জবাবে ওয়ান্ডারার্স তিন উইকেট খুইয়ে ১৫৬ রান করে জয় তুলে নেয়। বল হাতে চার উইকেট নেয়া সাবু ব্যাট হাতেও ৭১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সনি করেন ৫৩ রান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে মেরিনার প্রথম ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রান করে। মিঠু ৫৪ এবং ফজলে ৪৮ রান করেন। জবাবে বাংলাদেশ বয়েজ ১৬৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মামুন সর্বোচ্চ ৭২ রান করেন।
