ভারত ১৮ বছর পর বিদেশের মাটিতে নিশ্চিত টেস্ট জয় করতে যাচ্ছে
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের জয়ের দ্বারপ্রান্তে এখন দাঁড়িয়ে আছে ভারত।
বাঁ হাতি বোলার ইরফান পাঠান এবং জহির খান-এর বোলিংয়ের তোপে পড়ে জিম্বাবুয়ে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না।
ভারতের ব্যাটিং-এর দুর্দান্ত সূচনা এবং প্রথম ইনিংসে ২০৫ রানে লিড নেওয়ার পর জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপের মুখে পড়ে। তারা দ্বিতীয় দিন শেষে মাত্র ৩৯ রানে মূল্যবান চারটি উইকেট হারায়।
হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের পূর্ন নিয়ন্ত্রণ এখন ভারতের। স্বাগতিক দল এখনও ১৬৬ রানে পিছিয়ে। খেলার বাকী রয়েছে আরও তিনটি দিন। তাই সৌরভ গাঙ্গুলি ও তার দলের জন্য ম্যাচ জেতা এখন শুধু সময়ের ব্যাপার। জিম্বাবুয়ের বিপক্ষে ২-০-তে সিরিজ জয়ের মধ্য দিয়ে ১৮ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের বন্ধ্যাত্ব ঘুচবে ভারতের।
ভারত প্রথম ইনিংসের শুরুতে এক উইকেটে ১৯৫ রান সংগ্রহের পর পরের দিন মাত্র ১৭১ রান যোগ করে বাকী সবকটি উইকেট হারায়। রাহুল দ্রাবিড় (৯৮) ও গৌতম গাম্ভির (৯৭) যথাক্রমে দুই ও তিন রানের জন্য শতরান পূর্ণ করতে পারেননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
