জাতীয় হকি মাঠে গড়াচ্ছে মঙ্গলবার
বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০ সেপ্টেম্বর থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ।
হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বিমানবাহিনী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। তবে উদ্বোধনী ম্যাচের আগে টুর্নামেন্টের প্রথম খেলায় বিকেএসপি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করবে।
শনিবার ফেডারেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মির্জা ফরিদ আহমেদ মিলু। সম্মেলনে এবিএস গ্রুপের চেয়ারম্যান এবি সিদ্দিক চৌধুরী এবং টুর্নামেন্ট কমিটির সদস্য রশিদ শিকদার ও হাসানুদ্দিন শিকদার উপস্থিত ছিলেন।
সম্মেলনে মিলু জানান, গতবার টুর্নামেন্টে ১৮টি দল অংশ নিলেও এবার নতুন তিনটি দল অংশ নিচ্ছে। নতুন দলগুলো হচ্ছে গাইবান্ধা, সাতক্ষীরা ও খুলনা। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে না বলে জানান মিলু।
এক প্রশ্নের জবাবে এবি সিদ্দিক বলেন, হকি ফেডারেশন যদি একটি হকি একাডেমি গড়ে তোলার চিন্তা ভাবনা করে, তাহলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
এবারের টুর্নামেন্টে মোট ২০টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং গ্রুপের শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
গ্রুপ এ: বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা, বিকেএসপি, ময়মনসিংহ, যশোর, বাংলাদেশ পুলিশ, গাজীপুর, চট্টগ্রাম, সাতক্ষীরা ও গাইবান্ধা।
গ্রুপ বি: গতবারের রানার্স আপ ফরিদপুর, বাংলাদেশ নৌবাহিনী, রাজশাহী, বাংলাদেশ বিমান বাহিনী, কুমিল্লা, দিনাজপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, খুলনা ও ঝিনাইদহ।
