আফ্রো এশিয়া কাপ জয়ের ব্যাপারে আশাবাদী ইনজামাম
নামিদামি বেশ কয়েকজন ক্রিকেটার দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেও আসন্ন আফ্রো এশিয়া কাপে নিজ দল-এশিয়া একাদশের জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক ইনজামাম উল হক।
এশিয়া একাদশ থেকে পেসার ইরফান পাঠান ও চামিন্দা ভাস ইতিমধ্যে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। তাছাড়া খুব সম্ভবত রাহুল দ্রাবিড় এবং সনথ জয়সুরিয়াকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা যেতে হচ্ছে ইনজিকে।
দলের তারকা খেলোয়াড়দের হারানো সত্যিকার অর্থেই হতাশাজনক, কিন্তু তরপরও আফ্রিকাকে হারানোর মত রসদ এশিয়ার ভান্ডারে রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক ইনজামাম।
টুর্নামেন্টে আফ্রিকা দলের হয়ে প্রথম দু’টি ম্যাচে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার শ্যন পোলক। তৃতীয় ম্যাচের দলনায়ক গ্রায়েম স্মিথ। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুলাওয়ে টেস্টে অংশ গ্রহনের কারণে প্রথম দু’টি ম্যাচ মিস করছেন হিথ স্ট্রিক এবং টাটেন্ডা টাইবু।
সিরিজের প্রথম ম্যাচ ১৭ আগস্ট প্রিটোরিয়ার সেঞ্চুরিয়ানে এবং বাকি দু’টি ম্যাচ ২০ ও ২১ আগস্ট কিংসমেড ডারবানে অনুষ্ঠিত হবে।
