প্রিমিয়ারে আবারও পয়েন্ট খোয়ালো মোহামেডান
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবারও পয়েন্ট খুইয়েছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার মোহামেডান গোলশুন্য ড্র করে গত বারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে।
পরপর দুই ম্যাচে ড্র করে শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়ল মোহামেডান। আগের ম্যাচে মোহামেডান ২ - ২ গোলে ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘের সাথে। শিরোপা অর্জনের পথে মোহামেডানের সামনে এখনও চারটি বড় বাধা। আবাহনী, ফরাশগঞ্জ, মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স ইউনিয়ন নামের চারটি শক্ত হার্ডল অতিক্রম করতে হবে তাদের।
হতাশাজনক এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩২। গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্সের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করলেও ব্রাদার্স এক ম্যাচ কম খেলেছে। ১৪ ম্যাচে মোহামেডানের এটা পঞ্চম এবং দ্বিতীয় পর্বে তৃতীয় ড্র।
অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে চারটি ড্র আর পাঁচটি পরাজয় নিয়ে পঞ্চম স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ১৯ পয়েন্ট।
কর্দমাক্ত মাঠে ম্যাচের প্রথমার্ধে দু’দলই সমানতালে লড়াই করে গেলেও ফুটবলারদের তাল সামলাতেই হিমশিম খেতে দেখা গেছে। তবে জায়ান্টদের চাইতে অপেক্ষাকৃত ভালো ফুটবল উপহার দিয়েছে শেখ রাসেল। স্ট্রাইকারদের ব্যর্থতা আর অফসাইডের অজুহাতে তাদের একটি গোল বাতিল করে দেয়ায় সফল হতে পারেনি তারা।
খেলার ধারা অনুযায়ী জয়টা শেখ রাসেলের প্রাপ্য ছিল, কিন্তু দুই মরোক্কান স্ট্রাইকার মাজিদ ও রশিদি, স্থানীয় বুলবুল, হানিফ আর ইউসুফ একের পর এক গোলের সুযোগ নষ্ট করায় লিগে ষষ্ঠ জয় হাতছাড়া হয়ে যায় শেখ রাসেলের।
অন্যদিকে মোহামেডানকে দেখে মনে হয়েছে লিগের এই পর্যায়ে এসেই ক্লান্ত হয়ে পড়েছে তারা। বিশেষ করে অধিনায়ক আলফাজকে তো খুঁজেই পাওয়া যায়নি। তাছাড়া ডিফেন্ডার নজরুল, হাসান ও কামাল শেখ রাসেলের ফুটবলারদের সামনে ছিলেন একেবারেই নি®প্রভ। এরপর যে কয়েকটি বিক্ষিপ্ত আক্রমন তারা গড়েছিল, সেগুলোও শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব একাই রুখে দেন।
