বৃষ্টির কারণে বাংলাদেশ এ-গ্লামারগন ম্যাচ বিঘ্নিত
ইংল্যান্ডের আবেরগাভেনীতে অনুষ্ঠিত বাংলাদেশ এ ও কাউন্টি দল গ্লামারগনের মধ্যেকার তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারনে বাধাগ্রস্ত হয়েছে।
দিন শেষে বাংলাদেশ এ দল দুই উইকেট হারিয়ে ৫৪ রান করে।
এ দলের ওপেনার নাফিস ইকবাল ১৫ ও ওয়ানডাউন ব্যাটসম্যান তুষার ইমরান ১০ রান করে উভয়ই ডেভিসের শিকারে পরিণত হন। অধিনায়ক শাহরিয়ার নাফিস ২০ ও অলোক কাপালী চার রানে অপরাজিত রয়েছেন।
এর আগে গ্লামারগন তাদের প্রথম ইনিংসে পাওয়েলের ১১১ ও ওয়ার্ফের ৭৭ রানে ভর করে ৩৮০ রানের বড় স্কোর গড়ে তোলে। বাংলাদেশ এ দলের সৈয়দ রাসেল ৮৯ রানে চার উইকেট নিয়ে ছিলেন সফল বোলার। এছাড়া শাহাদত হোসেন, তালহা জুবায়ের ও এনামুল হক জুনিয়র দু’টি করে উইকেট লাভ করেন।
