২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়ার তোপের মুখে অস্ট্রেলিয়া

একের পর এক পরাজয়ের পর নিজ দেশের মিডিয়াগুলোর তোপের মুখে পড়েছে রিকি পন্টিংয়ের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

অস্ট্রেলিয়ার এই একের পর এক পরাজয়ে সিডনি মর্নিং হেরাল্ডের বক্তব্য ছিল এরকম-‘ মাঠে দলের অবস্থা ছিল লজ্জাজনক, বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা যেভাবে লজ্জায় মাথা নীচু করেছিল তাতে তাদেরকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে খারাপ দল বলেই মনে হচ্ছিল।”

পুরো একটা সপ্তাহ যেন দুঃস্বপ্নের মত কেটে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। দীর্ঘদিন পর নিজেদের এমন অসহায় অবস্থায় পড়তে দেখল অস্ট্রেলিয়ার লোকজন। যেভাবে দল হারছে তাকে শুধু লজ্জাজনক এবং অসম্মানজনক বিশেষণ দিয়েই ব্যক্ত করা যায়।

বাংলাদেশ শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় আপসেট ঘটানোর পর রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পেসার স্টিভ হার্মিসন আর ব্যাটসম্যান পিটারসনের ৯১ রানের কাছেই হেরে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ হেরে যাওয়ার পর দি মেলবোর্ন এজ’র বক্তব্য ছিল-‘ অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিল হার্মিসন।’

বাংলাদেশের সাথে হেরে যাওয়ার পর দি কুরিয়ার মেইলের বক্তব্য ছিল আরও এক কাঠি সরেস-‘ অস্ট্রেলিয়ার খেলাধুলোর ইতিহাসে বাংলাদেশের সাথে সবচেয়ে বাজে ভাবে হেরে বিশ্ব চ্যাম্পিয়নরা লজ্জাবনত হয়ে মাঠ ছেড়েছে।’

২০০৪ সাল থেকে এ পর্যন্ত ৪১টি ওয়ানডের ৩০টিতেই জয় পেয়েছে অসি দল। দীর্ঘ এই যাত্রায় কয়েকটি বিচ্ছিন্ন পরাজয় ছাড়া তেমন কোন অঘটনের মুখে পড়েনি অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ড সফরে পরপর চারটি ম্যাচে পরাজয় অস্ট্রেলিয়া দলকে কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।