ইংল্যান্ডে বাংলাদেশের আশার আলো জ্বালবেন যারা
বাংলাদেশ ক্রিকেট দল বৃটেনে আসার পর থেকে ইংলিশদের নাক উঁচু স্বভাবটার সাথে বেশ ভালোভাবেই পরিচিত হয়ে গেছে। প্রিমিয়ার ফুটবল আর আসন্ন অ্যাশেজ সিরিজের ডামাডোলে যেন হারিয়ে গেছে বাংলাদেশের সফরের ব্যাপারটি।
প্রথম প্রস্তুতি ম্যাচের পর বৃটিশ মিডিয়া একটু নড়েচড়ে বসলেও সাসেক্সের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শোচনীয় পরাজয়ের পর ইংলিশদের আবার সেই উন্নাষিক ভাব দেখা যাচ্ছে। এই নড়াচড়া অবশ্য মাতামাতির পর্যায়ে পড়েনা। কারন বেঙ্গল টাইগারদের পক্ষ থেকে কোন রকম আপসেট আশা করছেনা ইংলিশরা।
২০০১ সালে টেস্টের বনেদী আসরে পা রাখার পর চার বছরে যে দলের জয় মাত্র একটি তাদের কাছ থেকে আপসেট আশা করা যায় কিভাবে। ওদের মিডিয়াতে কিন্তু তারপরও টাইগারদের কয়েকজন সম্পর্কে সতর্ক বার্তা প্রচার করা হয়েছে। ইংলিশদের দুশ্চিন্তায় ফেলে দেয়ার মত অস্ত্র টাইগারদের হাতেও রয়েছে। চলুননা জেনে নেয়া যাক সেই অস্ত্রগুলোর ধার সম্পর্কে।
কোচ: ডেভ হোয়াটমোর
বিশ্বের যত বাঘা বাঘা ক্রিকেট কোচ রয়েছেন তাদের মধ্যে ডেভ হোয়াটমোরের নামটা যে বেশ শক্তপোক্তভাবে বসে গেছে সেটা সবারই জানা। ডেভের কোচিং ক্যারিয়ার যে কারো ইর্ষার কারন হতে পারে। ১৯৯৬ সালে শ্রীলংকাকে বিশ্বকাপ ধরিয়ে দিয়ে মূলত লাইম লাইটে চলে আসেন এই কোচ।
এরপর পুনরায় শ্রীলংকার দায়িত্ব নেয়ার আগে ইংলিশ কাউন্টি দল ল্যাংকাশায়ারকেও একবছর সার্ভিস দিয়েছেন হোয়াটমোর। সেই বৈচিত্র্যময় ক্যারিয়ারের অধিকারী ডেভ এখন টাইগারদের অভিভাবক। মাঠের বাইরে থেকে দল পরিচালনা করলেও নিশ্চিতভাবে তিনিই ইংল্যান্ডে বাংলাদেশের মূল ভরসা বলাই বাহুল্য। ডেভের বিচক্ষনতা এবং বুদ্ধিদীপ্ত কোচিংয়ে কয়েকটি বিচ্ছন্ন পারফরম্যান্স ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সামগ্রিক পারফরম্যান্সের গ্রাফটা ভালোই বলতে হবে। ডেভের নেতৃত্বে ইতিমধ্যে টাইগাররা সুশৃংখল এবং দুর্দান্ত ফিল্ডিং সাইডে পরিনত হয়েছে।
ক্লাস ব্যাটসম্যান: মোহাম্মদ আশরাফুল
নিজের দিনে আশরাফুলই সেরা। ২০০১ সালের ৮ সেপ্টেম্বর শ্রীলংকার বিরুদ্ধে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে জাতটা চিনিয়ে দিয়েছিলেন ছোটখাট আকৃতির এই ক্রিকেটার। তাও আবার সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি। মাঝে কিছুট সময় খারাপ গেলেও ভারতের বিরুদ্ধে ১৫৮ রান করে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন। মোহাম্মদ আশরাফুলের অসাধারন সব স্ট্রোক ইংলিশদের বুকে কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট।
উদীয়মান স্পিন তারকা: এনামুল হক জুনিয়র
ইংল্যান্ডে এই সময়টা স্পিনারদের জন্য শুষ্ক মৌসুম বলা যায়, তবে এনামুল জুনিয়র ব্যাতিক্রমী কিছু ঘটিয়েও ফেলতে পারেন। ২০০৩ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় এনামুলের পারফরম্যান্স যদি স্মরন থাকে তাহলে এনামুল ইংলিশদের জন্য অবশ্যই মাথাব্যাথার কারন। সেময় ডেভলপমেন্ট স্কোয়াডের হয়ে খেলা এনামুল ইংলিশদের চারটি উইকেট তুলে নিয়েছিলেন। এরপরই সিনিয়র দলে ঢুকে পড়েন। অনেকটা এনামুল ভেল্কিতেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে ২০০ রান খরচায় ১২ উইকেট নিয়ে পাদপ্রদীপের আলোয় চলে আসেন এই ন্যাচারাল স্পিনার।
দুরন্ত পেসার: মাশরাফি মর্তুজা
তারুন্য, গতি এবং আগুন ঝরানো বোলিং এসবই মাশরাফির দর্শন। টেস্টে উইকেট প্রতি ৩৩ দশমিক ৭৬ রান দিয়ে মাশরাফির শিকার সংখ্যা ৪৩। সুতরাং মাশরাফির সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সাবধান বৃটিশ সিংহরা।
সাম্প্রতিক ফলাফল
৩৬ টেস্টে ৩১ টিতে পরাজয়, বাংলাদেশের এই ফলাফলে অন্তত ইংল্যান্ড ভীত নয়। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেয়ার পর বাংলাদেশ দলের মনোবল এখন তুঙ্গে রয়েছে এটা বলাই যায়। অনেকেই বলছেন জিম্বাবুয়ে দুর্বল দল কিন্তু কোচ ডেভের ভাষায় ‘জয় জয়ই’। এই জয়টাই যদি ইংল্যান্ড সফরে টাইগারদের টনিক হিসেবে কাজ করে তাহলে ইংলিশদের জন্য কিছুটা বিপত্তি দেখা দিতে পারে।
তারুণ্যদীপ্ত দল
তারুণ্য এবং অভিজ্ঞতা এই দুইয়ের মেলবন্ধনে বাংলাদেশ এই মূহুর্তে মোটামুটি ব্যালান্সড বলা যায়। মতুর্জা, আশরাফুল এবং এনামুলের মোট বয়স মাত্র ৫৯। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে তরুণ বাংলাদেশ দলের পারফরম্যান্সও ছিল উজ্জ্বল। তারুণ্যের এই মিছিল যে কোন ক্রিকেট পাগল জাতির জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট। জয়ের অদম্য ইচ্ছে আর প্রচন্ড পরিশ্রম বাংলাদেশকে টেস্টের শক্তিশালী দলে পরিনত করতে পারে।
