দেশে ফিরেছে উৎফুল্ল বাংলাদেশ ফুটবল দল
বিজয়ের আনন্দে উৎফুল্ল বাংলাদেশ ফুটবল দল মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছে।
সাফ চ্যাম্পিয়নশিপে হতাশাজনকভাবে ভারতের বিরুদ্ধে হেরে যাওয়ার পর একটা জয়ের অভাব খুব প্রকটভাবে দেখা দিয়েছিল। মুখিয়ে ছিলেন ফুটবলাররাও। পাকিস্তানকে হারানোটা বাংলাদেশের জন্যে নতুন কিছু না হলেও, এবারের জয়টা ভিন্ন মাত্রার। কারণ এশিয়া কাপ প্রাক বাছাইয়ের ফিরতি প্লে অফ ম্যাচে একমাত্র প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারানোর কারণে টুর্নামেন্টের বাছাই পর্বে খেলার রাস্তা খুলে গেছে বাংলাদেশের। সাফ শিরোপা হারানোর দুঃখ মুছে দেওয়া এ জয়ে আনন্দ তো হবেই।
জয়ী বাংলাদেশকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো দলটাও বুঝি সেই কারণে ছিল বেশ ভারী। ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সহকারী যুগ্ম সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং বাংলাদেশের সাবেক কোচ জর্জ কোটান বিমানবন্দরে স্বাগত জানান ক্রুসিয়ানির দলকে।
জয় ছিনিয়ে নেওয়া বাংলাদেশের ম্যাচ গ্যালারিতে বসে দেখলেও ম্যাচের ফলাফলে উচ্ছ্বসিত কোচ ক্রুসিয়ানি জানালেন তার কথা, এই রেজাল্টে আমি খুব খুশি, এবং আমরা যে পাকিস্তানের চাইতে সেরা সেটা আবারও প্রমাণ হলো।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচের শেষে কোচ ক্রুসিয়ানি ম্যাচের ভারতীয় রেফারির দিকে তেড়ে যাওয়ায় অনাকাংখিত পরিস্থিতির উদ্ভব হয়। এ ঘটনায় এএফসি ফিরতি ম্যাচে ক্রুসিয়ানিকে নিষিদ্ধ করলে গ্যালারিতে বসেই দলের খেলা দেখতে হয় তাকে।
করাচিতে সোমবার ফিরতি প্লে অফ ম্যাচে পাকিস্তানকে ১--০ গোলে হারিয়ে এশিয়া কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দুই সপ্তাহ আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এই পাকিস্তানকে একই মাঠে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ক্রুসিয়ানির দল।
কোচ ক্রুসিয়ানি স্বদেশী ট্রেইনার অ্যারিয়েল কোলম্যানকে সাথে নিয়ে মঙ্গলবারই বড়দিনের ছুটি কাটাতে নিজ দেশ আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে কোচ বলেন, পাকিস্তান যাওয়ার আগে আমি বলেছিলাম নিজেদের মাঠে ওরাই চাপের মধ্যে থাকবে, কার্যত হয়েছেও তাই আর ছেলেরা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে।
দলের অধিনায়ক আরিফ খান জয় বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের বিরুদ্ধে এ জয়টা আমাদের একটি বড় ধরনের অর্জন।
ন্যাড়া মাথার এই অধিনায়ক জানান, পাকিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচে দল কিছুটা অগোছালো থাকলেও ফিরতি ম্যাচে সাফ টুর্নামেন্টে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে পুরো দল।
এশিয়া কাপ বাছাই পর্বে সাফল্য অর্জনের মধ্য দিয়ে রেটিংয়ে বাংলাদেশের উন্নতি ঘটানোই তার দলের পরবর্তী লক্ষ্য বলে জানান।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক ফিরোজ মাহমুদ টিটু তার অনুভুতির কথা তুলে ধরলেন এই বলে যে, দেশের জন্যে কিছু করতে পেরে আমি আনন্দিত।
ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি কোচের ভূমিকা পালন করা সাবেক গোলরক্ষক কানন জানালেন, কোচ এবং ট্রেইনার দেশে ফিরে আসার পরপরই ফুটবল দলের দ্বিতীয় পর্যায়ের অনুশীলন শুরু হবে। কোচ এবং ট্রেইনার ২৩ জানুয়ারি দেশে ফিরবেন।
কুয়ালালামপুরে ৪ জানুয়ারি এশিয়া কাপের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে অংশগ্রহনকারী দল মোট ২৪টি। দলগুলোকে ছয়টি গ্র“পে ভাগ করা হয়েছে।
২০০৬ সালের ফেব্র“য়ারি থেকে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। গ্র“পের দলগুলো হোম অ্যান্ড অ্যওয়ে ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে খেলবে। এখান থেকে প্রতিটি গ্র“পের শীর্ষ দুই দল ২০০৭ এশিয়া কাপের চুড়ান্ত পর্বে খেলার সুযোগ লাভ করবে।
চুড়ান্ত পর্বের ১২টি দলের সাথে সরাসরি খেলবে চারটি স্বাগতিক দেশ- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এবারই প্রথম চারটি দেশ একসাথে এশিয়া কাপ ফুটবলের স্বাগতিক দেশ হয়েছে।
বাছাই পর্বে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ, চীন, চাইনীজ তাইপে, হংকং, ভারত, ইরান, ইরাক, জাপান, জর্ডান, কোরিয়া রিপাবলিক, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং ইয়েমেন।
