২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক হাসির সেঞ্চুরিতে ১ম ইনিংসে অস্ট্রেলিয়ার সম্মানজনক সংগ্রহ

মাইক হাসির সময়োপযোগী সেঞ্চুরির কল্যাণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ক্রিকেট সিরিজের মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩৫৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 09:46 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আট উইকেটে ২৩৯ রান নিয়ে মঙ্গলবার খেলতে নেমে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৩৫৫ রান সংগ্রহ করে।

মধ্যাহ্নভোজের কিছুক্ষণ পরই অস্ট্রেলিয়াকে অলআউট করে দেয়ার পর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে।

ব্যক্তিগত ২৭ রানের সময় ক্যালিসের হাতে জীবন পাওয়া হাসি চারটি ছয় ও ১৪টি চারের মারের সহায়তায় ১২২ রান করেন।

দিনের শুরুর তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়া স্টুয়ার্ট ম্যাকগিলকে হারিয়ে বসে। দলের স্কোর তখন ২৪৮-৯।

তার পর গ্লেন ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজের আগে হাসি দলের স্কোর ৩৪৪-৯ এ নিয়ে যান।

অবশ্য মধ্যাহ্নভোজের পর দলীয় ৩৫৫ রানের মাথায় হাসি মাখায়া এনটিনির বলে বোল্ড আউট হয়ে যান।

আউট হওয়ার আগে দশম উইকেট জুটিতে তারা দু’জন ১০৭ রান সংগ্রহ করেন।

ম্যাকগ্রা ৫৬ বলে খেলে ১১ রান করে অপরাজিত থাকেন।

মঙ্গলবার দিনের খেলা শুরুর আগে সোমবার মারা যাওয়া ক্যারি প্যাকারের সম্মানে মেলবোর্নের মাঠে এক মিনিট নিরবতা পালন করা হয়।

১৯৭৭ সালে ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ প্রতিষ্ঠার পর বিশ্বে প্যাকারের নাম ছড়িয়ে পড়ে। তখন তিনি ওয়ার্ল্ড সিরিজের ব্যানারে পৃথিবীর সেরা সেরা ক্রিকেট খেলোয়াড়দের মাঠে নামিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।

তাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হত।