২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি আইসিসির বিরুদ্ধে: ওয়াসিম আকরাম

সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর তীব্র সমালোচনা করে বলেছেন ক্যারিয়ারে খুব একটা সফল না হলেও বেশ কয়েকজন সাবেক শেতাঙ্গ ক্রিকেটার আইসিসি নিয়ন্ত্রণ করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

আকরাম বলেন, আমি আইসিসি’র বিরুদ্ধে আবস্থান নিয়েছি। এর অন্যতম কারণ হচ্ছে, শেতাঙ্গ ক্রিকেটাররাই আইসিসি নিয়ন্ত্রণ করছে। ক্রিকেট নিয়ে উত্তেজনা, অর্থ এবং প্রতিভা সবই রয়েছে এখানে (ভারত, পাকিস্তান, শ্রীলংকা)। অথচ দু’একটি ম্যাচ খেলেই তারা (শেতাঙ্গ ক্রিকেটার) অবসর গ্রহণ করে এবং আইসিসির পক্ষে কাজ করে। পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ভারত থেকে কাউকে নেওয়া হয় না।

আকরাম আরও জানান, মূলত এই কারণেই তিনি ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে বিভিন্ন সময় সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন।

বর্তমানে গ্রেগ চ্যাপেলের নোংরামীর শিকার ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও সমর্থন করেছেন আকরাম।

তিনি বলেন, ভারতীয় ক্রিকেটের বর্তমান সমস্যা হচ্ছে কোচ (চ্যাপেল) সব দখল করে নিয়েছে। কোচের দায়িত্ব হচ্ছে অধিনায়ককে সহায়তা করা, তাকে ছাটাই করা নয়। এটাই তার আসল কাজ। কোচ কখনও অধিনায়কের সামনে থাকবে না।

ভারত ও পাকিস্তানের মধ্যেকার সিরিজ সম্পর্কে আকরাম বলেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যেকার অ্যাশেজ সিরিজের চাইতে ভারত - পাকিস্তান সিরিজের উত্তেজনা কোন অংশেই কম নয়। তবে অ্যাশেজ সিরিজের সাথে অন্য কোন কোন সিরিজের তুলনা হয়না বলে জানান সাবেক এই বিশ্বখ্যাত ফাস্ট বোলার।