ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্ট ড্র, দ্বিতীয় ইনিংসেও ইনজামামের সেঞ্চুরি
ঘড়ির পেন্ডুলামের মত দুলতে থাকা ফয়সালাবাদ টেস্টের ভাগ্য অবশেষে ড্র’র মধ্য দিয়েই নিষ্পত্তি হলো। ম্যাচের পঞ্চম দিনেও মাঠ জুড়ে ছিল টানটান উত্তেজনা। তার ওপর আবার দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি অধিনায়ক ইনজামামের সেঞ্চুরি, ইংল্যান্ডের মাটি কামড়ানো লড়াই সব মিলিয়ে ফয়সালাবাদের দর্শক অন্যরকম এক উত্তেজনায় জমে গিয়েছিল গ্যালারিতে।
ম্যাচের ফলাফলে প্রাণ না থাকলেও স্বাগতিক দর্শকরা ইনজামামের ২৪ তম টেস্ট সেঞ্চুরিটি উপভোগ করেছেন প্রাণভরে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লেজেগোবরে হওয়ায় সফরকারীদের যে তারা শেষ পর্যন্ত জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট ছুঁড়ে দেবে তা কেউই ভাবেনি। আর এই কৃতিত্বের ভাগীদার পুরোটাই ইনজি’র।
পেসার রানা নভেদকে সাথে নিয়ে পঞ্চম দিনের সূচনা করেছিলেন ইনজামাম। তার নামের পাশে আগে থেকেই লেখা ছিল ৪১ রান। কিন্তু দম ফেলতে না ফেলতেই জোন্সের সহায়তায় রানাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান হার্মিসন।
শেষ দিকের ব্যাটসম্যানরা কলক্ষেপণ ছাড়া আর বিশেষ কিছুই করতে পারেননি, উদ্দেশ্য একটাই ইনজামামকে স্ট্রাইক দেওয়া। আর ইনজি স্ট্রাইকে থাকা মানেই স্কোর বোর্ড সচল থাকা। হয়েছেও তাই। ৬১ রান যোগ হতেই সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান। ততক্ষণে অবশ্য ২৪তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে যান ইনজামাম। তার সেঞ্চুরি পূরনের সাথে সাথেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ১৩৪ বলে নয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ঠিক ১০০ রান করে অপরাজিত থেকে যান ইনজামাম।
২৭৫ রানের জয়ের টার্গেটটা ইংল্যান্ডের জন্য সহজ হলেও পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার আর রানা নভেদ সে কাজটাই কঠিন করে দেন। দুই বোলারের সাঁড়াশি আক্রমণে ইংল্যান্ড ২০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এরমধ্যে আবার দুই উদ্বোধনী ব্যাটসম্যান ট্রেসকোথিক এবং অ্যান্ড্রু স্ট্রস ফিরে যান শুন্য রানে।
অধিনায়ক মাইকেল ভন নয় রানে আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়ান বেল শুন্য রানে আউট হয়ে যান।
লড়াই যা করার তা করেছেন কেভিন পিটারসেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ। দলের ১০০ রানে যখন এই জুটি বিচ্ছিন্ন হয় তখন পিটারসেন ৬৫ বলে ৪২ রান নিয়ে ফিরে যান। অন্যপ্রান্তে ফ্লিনটফ মোটামুটি দেখেশুনে খেলে ৯৮ বলে নয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৬ রান করে শোয়েব আখতারের বলে বদলি ফিল্ডার হাসান রাজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
গ্যারিয়েন্ট জোন্স ৩০ ও অ্যাশলে জাইলস ১৩ রানে অপরাজিত থেকে যান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট খুইয়ে ১৬৪ রান করার পর আম্পায়ারা খেলা ড্র ঘোষণা করেন।
দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে স্বদেশী জাভেদ মিয়াঁদাদের ২৩টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড টপকে যাওয়া পাকিস্তানের অধিনায়ক ইনজামাম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে নিয়েছেন ।
তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে রয়েছে।
