২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিচের ক্ষতি করায় এক টেস্ট ও দুই ওয়ানডেতে আফ্রিদি বহিস্কার

ফয়সালাবাদে চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সোমবার সফরকারী দলের ব্যাটিংয়ের সময় বুট দিয়ে পিচের ক্ষতি করায় পাকিস্তানের অলরাউন্ডার শহীদ  আফ্রিদিকে আগামী একটি টেস্ট ও দুটি ওয়ানডে থেকে বহিষ্কার করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 02:29 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ফয়সালাবাদ টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে মারমুখী ৯২ রান করা আফ্রিদি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না। লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর। আর ১০ ও ১২ ডিসেম্বরের নির্ধারিত ওয়ানডে ম্যাচ দুটিও আফ্রিদি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।

আইসিসির ম্যাচ রেফারি রোশান মাহানামার নেতৃত্বে সোমবার রাতে শুনানি হওয়ার পরই আফ্রিদির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাকিস্তানের কোচ বব উলমার ও অধিনায়ক ইনজামামুল হক এ সময় উপস্থিত ছিলেন।

আফ্রিদির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে গিয়ে মাহানামা এক বিবৃতিতে বলেন, এই ধরনের আচরণ যে সহ্য করা হবে না, এই নিষেধাজ্ঞা সে বার্তাই বহন করে।

তিনি বলেন, আফ্রিদি তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, তার আচরণের কারণে তিনি দুঃখিত।

আফ্রিদির ভিডিও ফুটেজ দেখে ম্যাচ রেফারি মাহানামা শুনানির ব্যবস্থা করেন।

এর আগে আফ্রিদি বুট দিয়ে পিচের ক্ষতি করার পরপরই ট্রেসকোথিক মাঠের দুই আম্পায়ার সাইমন টফেল ও ডেরেল হেয়ারকে ঘটনা সম্পর্কে অবহিত করেন।

অপর একটি আচরণ বিধি লংঘনের ঘটনায় সোমবার রাতে পাকিস্তানি দ্রুতগতির বোলার শোয়েব আখতারকে ম্যাচ ফি’র বিশ শতাংশ জরিমানা করা হয়। নিয়ম বহির্ভূতভাবে লোগো ব্যবহার করার অপরাধে তাকে এই জরিমানা করা হয়।