২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে শোয়েবকে সতর্ক করলেন উলমার

পাকিস্তান কোচ বব উলমার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, পিন্ডি এক্সপ্রেস শোয়েবকে ফিটনেস প্রমাণ করতে কমপক্ষে দুটি ফাস্ট ক্লাস ম্যাচ খেলতে হবে। আর এর পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে তাকে বিবেচনা করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 09:56 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

শোয়েব যদি ফিটনেস প্রমাণ করতে পারেন তাহলেই তাকে দলে নেওয়া হতে পারে, তা না হলে দলে আরও বিকল্প রয়েছে বলে উলমার জানান।

উলমার বলেন, এই প্রথমবারের মত আমি সাত থেকে আটজন ফাস্ট বোলার সুস্থ অবস্থায় পেয়েছি। তরুণ বোলারদের ফিটনেস লেভেলের বিষয়ে আমি খুবই সন্তুষ্ট। এ অবস্থায় আসন্ন সিরিজের আগে ফিটনেস প্রমাণ করতে শোয়েবকে দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে।

কোচ উলমার বলেন, সিরিজের আগে পাকিস্তান একাদশ এবং অবশিষ্ট পাকিস্তান একাদশের মধ্যে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় চার দিনের ম্যাচ এবং মুলতানে প্রথম টেস্ট ম্যাচের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি শোয়েবকে দেখতে চান।

উলমার আরও বলেন, তাকে আমাদের কাছে ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হতে হবে। এটা আমি পরিষ্কার করে বলতে চাই।

ইংল্যান্ডের বিরুদ্ধে কোচ উলমারের হাতে আরও বেশ কয়েকজন ফাস্ট বোলার রয়েছেন। তারা হলেন, মোহাম্মদ সামি, উমর গুল, সাব্বির আহমেদ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ খলিল, নাজাফ শাহ্ এবং মোহাম্মদ ইয়াসির। এ ক্রিকেটারই ধারাবাহিকভাবে প্রাকটিস ম্যাচে এবং পাকিস্তান ‘এ’ দলের হয়ে অংশ নেন।

পাকিস্তানি পেসার সাব্বির আহমেদ সম্পর্কে তিনি বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার বোলিং এ্যাকশন বৈধ বলে জানিয়েছে। তিনি এখন আইসিসি’র নিয়ম অনুযায়ি ১৫ ডিগ্রি অ্যাঙ্গেলে বোলিং করে। কিন্তু তাকে এখনও পর্যবেক্ষন করা হচ্ছে। যদি সে আবার আগের ভুল করে তাহলে তাকে এক বছরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বাইরে রাখা হবে। তবে আমি মনে করি, তার বোলিং অ্যাকশনে কোন ক্রটি নেই। সাব্বিরের সাথে সাথে আমি উমর গুলের বিষয়েও সন্তুষ্ঠ। সে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে এবং যত দিন যাচ্ছে উন্নতি করছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে পাকিস্তান দল:

অধিনায়ক ইনজামাম উল হক, সালমান বাট, শোয়েব মালিক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, হাসান রাজা, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, দানেশ কানেরিয়া, উমর গুল, মোহাম্মদ সামি, নাভেদ উল রানা, সাব্বির আহমেদ, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ, ইমরান তাহির, মোস্তাক আহমেদ, আসিম কামাল, শহিদ আফ্রিদি, বাজিত খান, শাহিদ নাজির, ফয়সাল ইকবাল, মনসুর আমজাদ, ইমরান ফারহাত, আরশাদ খান।