সাংহাইতে কিজহং টেনিস সেন্টার উদ্বোধন করলেন ফেদেরার
টেনিস সুপারস্টার রজার ফেদেরার সোমবার সাংহাইতে ‘কিজহং টেনিস সেন্টার’ উদ্বোধন করতে এলে রাস্তায় নামে সাংহাইবাসীর ঢল।
তারা ফেদেরারকে উষ্ণ আন্তরিকতার সাথে গ্রহণ করেন। তিনি ২০০২ সালে শেষবার এই চাইনিজ শহরে এসেছিলেন।
দীর্ঘ সময়ে শহরের অনেক কিছুই বদলেছে। সে সময় সাংহাইবাসীর কাছে তিনি ছিলেন অপরিচিত। কিছুটা নিঃসঙ্গও ছিলেন ওই সফরে। কিন্তু এবার ভক্তরা তাকে আর একলা থাকতে দেননি। যেখানেই গেছেন ভক্তদের চোখ তার পিছু ছাড়েনি।
ফেদেরার বলেন, আসলে এটা রোমাঞ্চকর একটি ব্যাপার। আমি তিন বছর ধরে এখানে আসিনি। শেষবার ২০০২ সালে সাংহাইতে অনুষ্ঠিত মাস্টারস কাপে খেলতে এখানে এসেছিলাম।
স্টেডিয়াম উদ্বোধনকালে তিনি বলেন, আমি মনে করি, স্টেডিয়াম তৈরি করাটা বিশাল ব্যাপার। আমি সাংহাইতে আবারও আসতে পেরে খুশি।
২০০৩ সাল থেকে ফেদেরার ক্রমাগত রেকর্ড ২৪টি এটিপি ফাইনাল জেতেন।
এ মুহূর্তে টেনিস বিশ্বে নাম করা তারকা ফেদেরারকে দিয়ে সাংহাই-এর কিজহং টেনিস সেন্টার উদ্বোধন করাতে আয়োজকরা উদ্যোগ নেন।
এ সেন্টারেই ১৩ নভেম্বর থেকে মাস্টারস কাপ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন টুর্নামেন্টটিতে র্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা আটজন পুরুষ টেনিস খেলোয়ার অংশ নিবে।
টেনিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ফেদেরার। বাছাইকৃত ভক্ত এবং পিপলস্ লিবারেশন গার্ড সঙ্গীতের মূর্চ্ছনায় অনুষ্ঠান শুরু হয়।
১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি আটটি অংশে বিভক্ত।
চীনের আশা, এ সেন্টার থেকে অলিম্পিক দ্বৈত চ্যাম্পিয়ন লি টিং এবং সান টায়েনটিনার মত আরও প্রতিভাবান টেনিস খেলোয়াড় ভবিষ্যতে বেরিয়ে আসবে।
