এশিয়ান গেমসের নতুন সূচি ঘোষণা
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া এশিয়ান গেমসের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। চীনের হাংজোতে আগামী বছর ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।
গেমসের ওয়েবসাইটে মঙ্গলবার অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।
অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ হিসেবে পরিচিত এশিয়ান গেমস। এর ১৯তম আসরটি মূলত এ বছর ১০ থেকে ২৫ সেপ্টেম্বর সময়ে হওয়ার কথা ছিল।
কিন্তু চীনের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে গত মে মাসে এশিয়ান গেমস ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করেছিল ওসিএ।
