‘কন্তের কোচিংয়ে প্রাক-মৌসুম পর্বটা মানসিক যন্ত্রণার!’
কোচ হিসেবে বরাবরই ভীষণ কঠোর আন্তোনিও কন্তে। খেলোয়াড়দের সেরাটা আদায় করে নিতে কোনো ছাড় দেন না তিনি। টটেনহ্যাম হটস্পারের প্রাক-মৌসুম অনুশীলনেও তা ভালোমতোই টের পাচ্ছেন ম্যাট ডোহার্টি। এর তীব্রতা বোঝাতে আইরিশ ডিফেন্ডার মজার ছলে বললেন, বিষয়টা যেন মানসিকভাবে যন্ত্রণাদায়ক।
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে এখন দক্ষিণ কোরিয়ায় আছে টটেনহ্যাম। সেখানে গত বুধবার প্রীতি ম্যাচে কে লিগ ইলেভেনের বিপক্ষে ৬-৩ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
এই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়, অনুশীলনের তীব্রতায় ক্লান্ত হয়ে মাঠেই শুয়ে পড়েছেন টটেনহ্যামের দুই তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন ও সন হিউং-মিন।
কন্তের অনুশীলনের ধরন প্রসঙ্গে ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোহার্টি বলেন, তার ক্যারিয়ারে এটাই সবচেয়ে কঠিনতম প্রাক-মৌসুম। তবে কষ্ট হলেও কোচের চাওয়া পূরণে হাল ছাড়ছেন না তারা।
“আমি আগে এমন কিছু করিনি। এটা কঠিন। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রাক-মৌসুম। জানি না, আমাদের চেয়ে অন্য কোনো দল ফিট থাকবে কিনা। মৌসুম শেষ হয়ে গেলে তৃপ্তি মিলবে। এর মাঝে মানসিক কষ্ট অনুভব করলেও, শেষে গিয়ে গর্ববোধ হবে।”
“নিজেকে কেবল বোঝাতে হবে, ‘হাল ছাড়া যাবে না।’ এমনকি যদি হামাগুড়ি দিয়েও শেষ করতে হয় বা শেষ দিকে জগিং করতে কিংবা হাঁটতেও হয় তবুও না। কোচ আমাদের মধ্যে এই দৃঢ়সংকল্প গেঁথে দিয়েছেন যে, চালিয়ে যেতে হবে এবং কখনই হাল ছাড়া যাবে না।”
আগামী শনিবার আরেক প্রীতি ম্যাচে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে খেলবে কন্তের দল।
