‘রিয়ালকে না করেনি এমবাপে, অপেক্ষা করতে বলেছে’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপের মন বদল নিয়ে আলোচনা থামছেই না। একেক জনের একেক মত। সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় হুগো সানচেস মনে করেন, নিজের ইচ্ছা থাকলেও ভেতর ও বাইরের অনেক চাপে পিএসজিতে থেকে যেতে বাধ্য হয়েছেন এই ফরাসি তারকা।
এবার না হলেও ভবিষ্যতে অবশ্য ইউরোপের সফলতম ক্লাবটিতে এমবাপের যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী সানচেস।
গত বছরের গ্রীষ্মের দলবদল থেকে শুরু হয়েছিল এমবাপের পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন। সে দফায় অনেক চেষ্টা করেও তাকে দলে টানতে পারেনি মাদ্রিদের ক্লাবটি।
তবে এই গ্রীষ্মে ছেলেবেলার স্বপ্নের ক্লাব রিয়ালে যাচ্ছেন এমবাপে, অনেকেই তা নিশ্চিত ধরে নিয়েছিলেন। কিন্তু নাটকীয় কয়েকটি দিনের পর বদলে যায় চিত্র। শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে তিন মৌসুমের জন্য চুক্তির মেয়াদ বাড়ান তিনি।
রিয়ালকে ‘না’ বলে এমবাপের পিএসজিতে থেকে যাওয়ার পেছনে অনেকেই কারণ হিসেবে দেখছেন আকাশছোঁয়া আয়ের হাতছানি। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস অবশ্য বিষয়টি দেখেন আরও বৃহৎ পরিসরে। সম্প্রতি এল চিরিঙ্গিতো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ফ্রান্স আর কাতারের রাষ্ট্র প্রধান ও প্যারিসের মেয়র ফোন করে চাপ দেওয়ার পর ভাবনায় বদল আসে এমবাপের।
ওই সাক্ষাৎকারে পেরেস অবশ্য এটাও বলেছেন, এমবাপের জন্য রিয়ালের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়নি।
রিয়ালের হয়ে ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত খেলে পাঁচটি লা লিগা জেতা সানচেসও সম্ভাবনা দেখছেন, এমবাপের ভবিষ্যতে রিয়ালে যোগ দেওয়ার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ দফায় পারিবারিক ও রাজনৈতিক চাপেই হয়ত সিদ্ধান্ত বদলেছেন ২৩ বছর বয়সী ফুটবলার।
“(এমবাপে রিয়ালে ভবিষ্যতে খেলবে কি-না) এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন, কারণ আমি জানি না তার মাথায় কী চলছে। তবে আমার ধারণা, সে রিয়াল মাদ্রিদকে না বলেনি, সে রিয়াল মাদ্রিদকে বলেছে ‘আমার জন্য একটু অপেক্ষা করো।’”
“তার ওপর চাপ অনেক। বাইরের কঠিন সব পরিস্থিতির পাশাপাশি এমনকি পরিবারের সদস্যরাও হয়ত তাকে চাপ দিয়েছে এবং রিয়াল মাদ্রিদে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তার ইচ্ছা ছিল (রিয়ালে যোগ দেওয়া), এটা তার স্বপ্ন ছিল। তবে যেমনটা সে বলেছে, ঠিক আছে, স্বপ্নটা একটু অপেক্ষা করতে পারে।”
রিয়ালের হয়ে সাত বছরের ক্যারিয়ারে ২৮৩ ম্যাচে ২০৮ গোল করা সাবেক তারকা স্ট্রাইকার সানচেসের মতে, এমবাপের সিদ্ধান্ত বদলের পেছনে বড় অঙ্কের পারিশ্রমিকের ভূমিকা নেই।
“তার কথায় পরিষ্কার ইঙ্গিত ছিল যে সে রিয়াল মাদ্রিদে যেতে চায়। কিন্তু এখন রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা…পেছনে আর্থিক কারণ আছে বলে আমি মনে করি না। কারণ রিয়ালেও সে অনেক আয় করতে পারত, যেমনটা সে এখন পিএসজিতে পাবে, তাই তার সিদ্ধান্ত বদলের পেছনে আর্থিক কারণ নেই।”
