বিশ্বকাপের বছরেও নেশন্স লিগের এত ম্যাচ হওয়ায় 'বিরক্ত' জার্মানি কোচ
ক্লান্তিকর ক্লাব মৌসুম শেষ হতেই ইউরোপের খেলোয়াড়দের খেলতে হচ্ছে নেশন্স লিগে। বিশ্বকাপের বছরে এই অতিরিক্ত ম্যাচগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মানি কোচ হান্স ফ্লিক। তার মতে, এই ম্যাচগুলোর কারণে খেলোয়াড়রা খুব প্রয়োজনের বিশ্রাম পাচ্ছে না।
নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে জার্মানি চলতি মাসে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই ড্র হয়েছে।
পরবর্তী ম্যাচে শনিবার হাঙ্গেরির মুখোমুখি হবে ফ্লিকের দল। এরপর আগামী ১৪ জুন ২০১৪ বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে ফিরতি লেগে ইতালির বিপক্ষে।
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ফ্লিকের কাছে জানতে চাওয়া হয়, নেশন্স লিগের ম্যাচগুলো খেলোয়াড়দের জন্য ক্লান্তিকর কি-না। ৫৭ বছর বয়সী কোচ বলেন, বিশ্বকাপ পর্যন্ত টানা বিরতিহীনভাবে খেলাটা সবার জন্যই চ্যালেঞ্জিং হবে।
“হ্যাঁ, আমি একমত। এই ধরনের (ঠাসা সূচির) একটি মৌসুমের পর চারটি ম্যাচ অনেক বেশি। আমাদের গত দুই বছর বিষয়টা বিবেচনায় রাখতে হবে। মহামারীর সময়ে অনেক ম্যাচ জমে গিয়েছিল। সামনেও আমাদের সময়টা ‘ইংলিশ উইক’ (সপ্তাহে দুই ম্যাচ) এর মতো কাটবে।”
“বলতে গেলে কোনো প্রাক-মৌসুম প্রস্তুতিই থাকবে না। এরপর বিশ্বকাপ পর্যন্ত প্রতি তিন, চার দিনে বুন্ডেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকবে”
আগামী ৫ অগাস্ট শুরু হবে বুন্ডেসলিগার নতুন মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শুরু আগামী সেপ্টেম্বরে। এই প্রতিযোগিতায় জার্মানির শীর্ষ লিগ থেকে চারটি দল অংশ নেবে।
চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর সেপ্টেম্বরে আরেক দফা নেশন্স লিগের ম্যাচ খেলবে দলগুলো। আগামী ২৩ সেপ্টেম্বর জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি। তিন দিন পর তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।
ফ্লিক মনে করেন, ফিফা ও উয়েফার খেলোয়াড়দের বিশ্রামের দিকটি নিয়ে ভাবা উচিত। বিশ্বকাপের প্রস্তুতিতে অবশ্য নেশন্স লিগে নিজেদের উজাড় করে দিতে চান সাবেক বায়ার্ন মিউনিখ কোচ।
“উয়েফা বা ফিফার উচিত বিষয়গুলো খতিয়ে দেখা এবং পদক্ষেপ নেওয়া।”
“এখন আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, আমাদের হাতে এই চারটি ম্যাচ আছে। দীর্ঘ মৌসুমের পর খেলোয়াড়দের জন্য ম্যাচগুলো খেলা কঠিন। কিন্তু আমরা এটা মেনে নিয়েছি কারণ সব দলেরই পরিস্থিতি একই। আমরা নভেম্বরে একটা ভালো বিশ্বকাপ খেলার দিকে মনোযোগ দিচ্ছি।”
