২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলভারহ্যাম্পটন ম্যাচ গুয়ার্দিওলার কাছে ফাইনাল

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে তিন রাউন্ড বাকি থাকতে লিভারপুলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। এখন যে সমীকরণ, তাতে শেষ ৩ ম‍্যাচে ৭ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। তবে এই পরিস্থিতিতেও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে পরের ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2022, 11:34 PM

Updated : 02 Aug 2022, 01:28 PM

কয়েক রাউন্ড ধরেই সিটির ঘাড়ে শ্বাস ফেলছিল লিভারপুল। কিন্তু ঘরের মাঠে রোববার নিউক‍্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে সিটির জয় এবং আগের দিন টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লিভারপুলের ১-১ ড্রয়ে বেশ বদলে গেছে পরিস্থিতি।

শুধু পয়েন্টের হিসেবেই নয় গোল পার্থক‍্যেও লিভারপুলের চেয়ে এগিয়ে সিটি। সব সমীকরণ পক্ষে থাকলেও বাকি ম‍্যাচগুলো জিতেই শিরোপা ধরে রাখার কাজ সারতে চান গুয়ার্দিওলা। বিন স্পোর্টসকে জানালেন, লিভারপুলকে আর কোনো সুযোগ দিতে চান না তারা।

“আমাদের নয় পয়েন্ট বা ছয় পয়েন্ট দরকার এখন। এটা নির্ভর করছে গোল পার্থক্যের ক্ষেত্রে পরের দুই ম্যাচে কি ঘটে তার ওপর। তবে এখন বুধবারের ম্যাচটি (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স) আমাদের জন্য আসল ম্যাচ, আসল ফাইনাল ম্যাচ।”

“আমরা সেখানে জেতার চেষ্টা করব। আমাদের ভাগ্য এখন আমাদের নিজেদের হাতে এবং এটা গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। এক পয়েন্ট বা তিন পয়েন্ট দিয়ে কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এটা করতে হবে।”