দর্শকের ফোন ভাঙার ঘটনায় তদন্তের মুখে রোনালদো
মাঠে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড এবং দলটির তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। এর মধ্যে আবার তিনি ম্যাচ শেষে এক দর্শকের ফোন ভেঙে জড়িয়েছেন বিতর্কে। এই ঘটনায় পর্তুগিজ সুপারস্টার কোনো অপরাধ করেছেন কিনা, তা নিশ্চিত হতে তদন্তে নেমেছে পুলিশ।
এভারটনের মাঠে শনিবার ১-০ গোলে হেরে যায় ইউনাইটেড। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, পায়ে চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটায় সজোরে চাপড় দেন রোনালদো। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, এক দর্শকের ফোনে আঘাত করেন তিনি, ফোনটি আছড়ে পড়ে মাটিতে।
৩৭ বছর বয়সী তারকা ফরোয়ার্ড এ ঘটনায় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমাও চেয়েছেন।
‘‘আড়াইটায় খেলোয়াড়রা যখন মাঠ ছেড়ে যাচ্ছিল, একজন ছেলে তখন কোনো এক খেলোয়াড়ের কারও দ্বারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।’’
‘‘তদন্ত চলছে। কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য এভারটনের সঙ্গে কাজ করছেন। সেখানে কোনো অপরাধ করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হতে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’
এ বিষয়ে কেউ কিছু জানলে তা জানানোর আহ্বানও জানিয়েছে স্থানীয় পুলিশ।
ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, তারা অভিযোগের বিষয়ে অবগত এবং তদন্তের প্রয়োজনে পুলিশকে যে কোনোভাবে সহযোগিতা করতে প্রস্তুত।
এভারটনের বিপক্ষে হারের ফলে লিগে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা কঠিন হয়ে গেছে ইউনাইটেডের জন্য। এখন পয়েন্ট টেবিলে সাত নম্বরে তারা।
ম্যাচে নিজের ও দলের সাদামাটা পারফরম্যান্সে হতাশ ছিলেন রোনালদো। পরে সামাজিক যোগোযোগ মাধ্যমে তিনি বলেন, ওই সময় আবেগ পেয়ে বসেছিল তাকে।
“আচমকা ক্ষিপ্ত হওয়ার জন্য আমি ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাতে চাই।”
