২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোর পুনরাবৃত্তি মালেতে চায় বাংলাদেশ

মাত্র চার দিনের প্রস্তুতি, কিন্তু প্রত্যাশা আকাশচুম্বি। মালদ্বীপকে তাদের মাঠে হারাতে না পারার বৃত্ত এবার ভাঙতে মরিয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চাওয়া পূরণের অনুপ্রেরণা দল নিচ্ছে কলম্বোর ম্যাচ থেকে। গত নভেম্বরে সবশেষ দেখায় শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়েছিল তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 07:24 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কন্ডিশন, সমর্থক মালদ্বীপের অনুকূলে। ফিফা র‌্যাঙ্কিংয়েও তারা বাংলাদেশের (১৮৬তম) চেয়ে এগিয়ে ২৯ ধাপ।

র‌্যাঙ্কিং ও পরিসংখ্যান নিয়ে জামাল ভাবছেন না। তার ভাবনায় উঁকি দিচ্ছে কলম্বোর সুখস্মৃতি। যেখানে লেখা হয়েছিল মালদ্বীপের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের গল্পটা। ওই ম্যাচে জামাল গোল করেছিলেন, জালের দেখা পেয়েছিলেন ডিফেন্ডার তপু বর্মনও। চোটের কারণে তপু এবার দলে নেই। কিন্তু ওই ম্যাচের আত্মবিশ্বাসটুকু ঠিকই দলের সঙ্গী বলে বুধবার সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশ অধিনায়ক।

“আমরা সবাই এ ম্যাচের জন্য মুখিয়ে আছি। বেশ কয়েক মাস পর এ ম্যাচ দিয়ে আমরা আন্তর্জাতিক ফুটবলে ফিরব। আমরা এ ম্যাচ নিয়ে শিহরিত। একসঙ্গে প্রস্তুতির জন্য লম্বা সময় পাইনি, কিন্তু আমার বিশ্বাস আমরা মানিয়ে নিতে পারব। এই দলে অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ভালো একটা মিশেল আছে, যেটা দলের জন্য গুরুত্বপূর্ণ। গত চারদিন আমাদের জন্য দারুণ ছিল। অনেক মিটিং করেছি, নিজেদের ভেতের অনেক কথা হয়েছে। কোচ বলছেন আমি এটা করতে চাই, আমি বলেছি নো প্রবলেম।”

“সব কোচের নিজের স্টাইল আছে। আমাদের নতুন কোচের ভিন্ন কৌশল আছে। আমাদের সেটা প্রয়োগ করতে হবে। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা ৬-৭ বছর একসঙ্গে খেলছে, নিজেদের মধ্যে জানাশোনা আছে। কোচ যেটা চাইছেন, সেটা প্রয়োগ করতে হবে এবং আশা করি আমরা সেটা পারব।”

প্রস্তুতির কমতি নিয়ে চিন্তিত নন কোচ হাভিয়ের কাবরেরাও। চার দিনেই দলের মধ্যে নিজের দর্শন ছড়িয়ে দিতে পেরেছেন বলে দাবি করলেন এই স্প্যানিশ কোচ। প্রত্যয়ী কণ্ঠে জানালেন কলম্বোর জয়ের পুনরাবৃত্তি মালেতে করার আশাবাদ।

“চার দিনের প্রস্তুতি নিয়েছি। তিন দিন ঢাকায়। একদিন মালদ্বীপে। এখানকার কন্ডিশনে সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে, এখানকার আবহাওয়া, কন্ডিশন ভালো। শেষ অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা আজকে আরেকটু কাজ করব। আমরা সবসময় উন্নতি করার চেষ্টা করি। যতটুকু সময় পেয়েছি, ততটুকুর মধ্যে আমি আমার পরিকল্পনা দলের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। (প্রস্তুতির সময় কম হলেও) সবকিছু গুছিয়ে নিতে আমাদের পেশাদার হতে হবে।”

“অস্কার ব্রুসনের অধীনে মালদ্বীপে হওয়া সাফে দারুণ করেছিল বাংলাদেশ। জাত দেখিয়েছিল দল। এরপর কলম্বোয় লেমোসের অধীনে মালদ্বীপকে হারিয়েছিল। ওই ম্যাচ আমাদেরকে চাঙা করবে মানসিকভাবে। আমরা চেষ্টা করব সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে।”

সবশেষ তিন ম্যাচে বাংলাদেশের ফরোয়ার্ডদের মধ্যে একমাত্র গোল পেয়েছেন সুমন রেজা। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে গোলটি করেছিলেন তিনি। তবে আক্রমণভাগের খেলোয়াড়দের পায়ে পর্যাপ্ত গোল না থাকার অতীতে আতঙ্কিত নন কাবরেরা। দলের উপর আস্থা রাখছেন এই স্প্যানিশ কোচ।

“আমি ফরোয়ার্ড লাইনআপের ডিসিপ্লিন, কমিটমেন্ট নিয়ে খুশি। সব খেলোয়াড়ের মনোভাব এবং অনান্য পজিশনে যারা আছে, তাদের উপরও আস্থা রাখছি। যে দলটা আমাদের আছে, যাদের আমরা বেছে নিয়েছি, তাদের নিয়ে আমি আশাবাদী।”

অন্যরকম আশাবাদ জানালেন জামালও। গত সাফে মালদ্বীপে থাকা বাংলাদেশিরা মাঠে বসে খেলা দেখার জন্য পর্যাপ্ত টিকেট পাননি বলে অভিযোগ উঠেছিল। এবার যেন তারা মাঠে আসতে পারেন, সেই দাবি জানালেন অধিনায়ক।

“আমি আশা করি মালদ্বীপ ফুটবল ফেডারেশন বাংলাদেশিদের এ ম্যাচ দেখার সুযোগ দেবে। এটা মালদ্বীপের হোম ম্যাচ, কিন্তু এখানে অনেক বাংলাদেশি আছে, যারা আমাদের সমর্থক। তারা যেন পর্যাপ্ত টিকে পায়।”

মালদ্বীপ কোচ ফ্রান্সেসকো মোরেইরোর কথাতেও উঠে এলো কলম্বোর সেই হার। এই ইতালিয়ান কোচ আশাবাদী ‘অপ্রত্যাশিত’ সেই হারের প্রতিশোধ নিতে।

“আশা করি, কাল একটা ভালো ম্যাচ হবে। সবশেষ আমরা শ্রীলঙ্কায় তাদের কাছে হেরেছি। যেটা আমরা আশা করিনি। তবে কালকের ম্যাচে এই দল নিয়ে আমি আত্মবিশ্বাসী।”