২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজেমার চোট গুরুতর নয়: রিয়াল কোচ

দলের আক্রমণের প্রাণ তিনি। আছেন ফর্মের তুঙ্গে। মায়োর্কার বিপক্ষেও পেয়েছেন জোড়া গোল। তবে ম্যাচের শেষ দিকে পায়ে আঘাত পাওয়ায় শঙ্কা জেগেছে করিম বেনজেমাকে নিয়ে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি অবশ্য তেমন ভাবনার কিছু দেখছেন না। তার মতে, ফরাসি ফরোয়ার্ডের চোট বড় কিছু নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 06:13 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

লা লিগায় মায়োর্কার মাঠে সোমবার দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে শেষ দুটি গোল করেন বেনজেমা। নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল উদযাপনের সময়ই কিছুটা অস্বস্তিতে দেখা যায় তাকে। এরপরই ৮৫তম মিনিটে পায়ের সমস্যা ইঙ্গিত করে মাঠ ছাড়েন তিনি। তার আগেই নির্ধারিত পাঁচটি বদলি ব্যবহার করে ফেলায় বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় রিয়াল।

লিগে টানা চার ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেয়েছেন বেনজেমা। এই পাঁচ ম্যাচে আট গোল করলেন তিনি। লা লিগায় সর্বোচ্চ ২২ গোল নিয়ে তালিকার শীর্ষে ৩৪ বছর বয়সী ফুটবলার।

আগামী সপ্তাহে ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। তার আগে ছন্দে থাকা বেনজেমার চোট শঙ্কা দলটির জন্য ভাবনার কারণ হওয়াটাই স্বাভাবিক। তবে এখনই আশা হারাচ্ছেন না আনচেলত্তি। তার বিশ্বাস, সময় মতো সেরে উঠবেন বেনজেমা।

“আমাদের আগামী কয়েক দিন তাকে পর্যবেক্ষণ করতে হবে- চোট খুব গুরুতর বলে মনে হচ্ছে না।”

“একটা লাফ দেওয়ার পর করিম (বেনজেমা) ভালো অনুভব করছিল না-এ বিষয়ে (আরও জানার জন্য) আমাদের বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

এই ম্যাচেই ৬৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার রাইলোর ট্যাকলে পায়ে প্রচণ্ড ব্যথা পান রদ্রিগো। কিছুক্ষণ চিকিৎসা চলার পর দুই জনের কাঁধে ভর দিয়ে কোনোমতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তার চোট নিয়েও আপাতত বড় কোনো সমস্যা দেখছেন না কোচ।

“মনে হচ্ছে, রদ্রিগো পায়ে আঘাত পেয়েছিল আর তাতেই সে অনেক ব্যথা অনুভব করছিল।”

মায়োর্কার বিপক্ষে জয়ের পর ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। দুইয়ে সেভিয়ার পয়েন্ট ৫৬।

২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে বার্সেলোনা।