২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈশবের ক্লাব বার্সায় ফিরলেন ত্রাওরে

আট বছর বয়সে ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল যেখানে, সেই বার্সেলোনায় ফিরলেন আদামা ত্রাওরে। মৌসুমের বাকি সময়ের জন্য উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ধারে এই স্প্যানিশ উইঙ্গারকে দলে টানল কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 04:23 PM

Updated : 25 Dec 2023, 08:53 PM

লা লিগার দলটি শনিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি জানায়। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে পরে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।

সংবাদমাধ্যমের খবর, ত্রাওরেকে দলে ভেড়ানোর লড়াইয়ে ছিল টটেনহ্যাম হটস্পারও। তবে জন্মশহরে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

মালিয়ান বাবা-মায়ের সন্তান ত্রাওরের বেড়ে ওঠা বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায়। ২০১৫ সালের অগাস্টে ১ কোটি ইউরোয় ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় পাড়ি জমানোর আগে বার্সেলোনার মূল দলের হয়ে তিনি চারটি ম্যাচ খেলেন।

এর এক বছর পর তিনি যোগ দেন আরেক ইংলিশ ক্লাব মিডলসবরোতে। দলটির হয়ে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে যোগ দেন উলভারহ্যাম্পটনে। চলতি মৌসুমের প্রথমভাগে বেশিরভাগ সময় বেঞ্চে কাটানো ত্রাওরে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলে গোল করেন কেবল একটি।

উসমান দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে নতুন একজন উইঙ্গার খুঁজছিল বার্সেলোনা। ত্রাওরেকে দলে নিয়ে সেটি পূরণ করল তারা।

চলতি মৌসুমে মূল শিরোপার প্রায় সবকটির আশাই শেষ হয়ে গেছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে ছিটকে যাওয়া দলটি লা লিগায় পিছিয়ে পড়েছে অনেক। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ১৫ পয়েন্ট কম। মাদ্রিদের দলটি অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ৬ ফেব্রুয়ারি কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরবে শাভির এরনান্দেসের দল।