২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু-বঙ্গমাতা সেন্ট্রাল ভলিবল বৃহস্পতিবার শুরু

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ শুরু হবে আগামী বৃহস্পতিবার। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে দুটি আসর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 09:07 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

পুরুষ বিভাগে ৫টি ও মেয়েদের বিভাগে ৬টি দল অংশ নিবে বলে জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। পুরুষ বিভাগে উজবেকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ এবং মেয়েদের বিভাগে নেপাল, শ্রীলংকা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ অংশ নিবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে মঙ্গলবার এ প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম তৃণমূলে ভলিবল ছড়িয়ে দেওয়ার আশাবাদ জানান।

“আমরা ধীরে ধীরে ভলিবলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যার প্রেক্ষিতে দেশের সবগুলো জেলা ও স্কুলে ভলিবল খেলাকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। তাছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলা। আগামীতে ভলিবল প্রিমিয়ার লিগ (ভিপিএল) আয়োজনের চেষ্টাও করছি আমরা।”

২০১৫ সাল থেকে ভলিবলের আন্তর্জাতিক এ টুর্নামেন্টটি আয়োজন করে আসছে বাংলাদেশ। ২০১৬ সালে ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল লাল সবুজের দলটি। ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ।