কোরিয়ার কাছে লড়াকু হার জিমিদের
শুরুতে এগিয়ে গেল বাংলাদেশ। সমতায় ফেরার পর আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল দক্ষিণ কোরিয়া। শেষ কোয়ার্টারে দ্বীন মোহাম্মদ ইমনের গোলে ম্যাচ জমে উঠলেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার ৩-২ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে হারে বাংলাদেশ। ভারতের কাছে ৯-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছিল গোবিনাথান ইমানের দল।
অষ্টম মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপরই ছন্দপতন। পঞ্চদশ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে কোরিয়াকে সমতায় ফেরান জ্যাং জং ইয়ুন।
এশিয়ার র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে সমান তালে খেলে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে একটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা।
তৃতীয় কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় কোরিয়া। প্রথমটি ফেরান মিডফিল্ডার সারোয়ার হোসেন। পরেরটি বাইরে মেরে সুযোগ নষ্ট করে অতিথি দল।
চতুর্থ কোয়ার্টারে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আগের দুই ম্যাচে ভারত ও জাপানের সঙ্গে ড্র করে আসা কোরিয়া। জি ও চিওনের ফিল্ড গোলে এগিয়ে যায় অতিথিরা। ৫৪তম মিনিটে পার্ক চি লিনের গোলে ম্যাচে চালকের আসনে বসে তারা।
৫৯তম মিনিটে ইমনের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা গোলের দেখা মেলেনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে এই প্রথম কোরিয়ার জালে গোল পেল বাংলাদেশ। আগের তিন ম্যাচে যথাক্রমে ৯-০, ৭-০ ও ৭-০ ব্যবধানে হেরেছিল দল।
দল হারলেও দারুণ পারফরম্যান্সে নজর কেড়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের বিপ্লব কুজুর। আগের ম্যাচে প্রতিপক্ষের গোলবন্যায় ভেসে গেলেও ভেঙে না পড়ে ঘর সামলে আক্রমণে ওঠার পরিকল্পনায় মাঠে নামে তারা। ম্যাচের পর গোলরক্ষক বিপ্লবও বললেন তাই।
“কোচ আমাদের বলেছিলেন, একটা ম্যাচ খারাপ গেছে সমস্যা নাই। এটা হতেই পারে। কোরিয়া ম্যাচের আগে সবাইকে উজ্জীবিত করেন তিনি। প্রথম ম্যাচ খারাপ করার পর সবাই নেতিবাচকভাবে দেখছিল। এ ম্যাচের আগে আমরা সিরিয়াস ছিলাম। কোরিয়ার ভিডিও দেখি। তাদের কিভাবে আটকানো যায় তা নিয়ে কাজ করেন কোচিং স্টাফরা।”
“কোচ বলেছিলেন, তোমাদের ওপর আমার বিশ্বাস আছে, তোমরা পারবে। রক্ষণের পাশাপাশি আক্রমণে ওঠার নির্দেশনা ছিল।…প্রথম কোয়ার্টারের পর কোচ বলেন, টেম্পো ধরে রাখো। ভালো হচ্ছে, শেষপর্যন্ত এটা ধরে রাখতে হবে। আমরা সে চেষ্টা করেছি।”
শক্তিশালী সব দলের বিপক্ষে আগে থেকে কোনো লক্ষ্যস্থির না করে ম্যাচ বাই ম্যাচ ভাবছে বাংলাদেশ।
“আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করছি। প্রথম ম্যাচের আগে কেবল ভারতকে নিয়েই চিন্তা করেছি। পরের ম্যাচগুলো নিয়েও কোচ নিজের পরিকল্পনা দেবেন। সে মাফিক আমরা মাঠে খেলার চেষ্টা করব।”
আগামী শনিবার জাপানের মুখোমুখি হবে আয়োজক হিসেবে এ প্রতিযোগিতায় খেলা বাংলাদেশ।
