পাসপোর্ট না থাকায় খেলতে পারবেন না রকিবুল
পাসপোর্ট না থাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রকিবুল হাসানের (জুনিয়র) খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে খেলোয়াড়দের পাসপোর্ট থাকার বাধ্যবাধকতা থাকলেও এই ফরোয়ার্ডের যে পাসপোর্ট নেই, তা জানাই ছিল না বাংলাদেশ হকি ফেডারেশনের!
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এ প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। এশিয়ার র্যাঙ্কিংয়ে সেরা চার দল নিয়ে হওয়া এই আসরে স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পাচ্ছে র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ।
এই টুর্নামেন্ট সামনে রেখে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন রকিবুল।
ভারতের বিপক্ষে আসছে মূল পর্বের ম্যাচে তার না খেলা নিশ্চিত। টুর্নামেন্টের বাকি সময়েও তাকে পাওয়া নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা।
এ বিষয়ে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, রকিবুলের পাসপোর্ট দ্রুত করার চেষ্টা করার কথা।
“পাসপোর্ট না থাকায় সে খেলতে পারছে না। ওর যে পাসপোর্ট নাই, সে নিজেও আমাদের সেটা বলেনি। তাছাড়া এই বিষয়গুলো দেখার কথা টিম ম্যানেজারের (বদরুল ইসলাম দিপু), কিন্তু তিনি কেন এটা আগে টের পেলেন না, বুঝলাম না। এখন ওর দ্রুত পাসপোর্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যদি পাই, তাহলে খেলতে পারবে। এটা আমাদের জন্য বিব্রতকর বিষয়।”
