২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই পদক আত্মবিশ্বাস, সাহস আর পরিশ্রমের ফল’

যাদের হাত ধরে এশিয়ান চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশ পেয়েছে প্রথম পদক, সেই তিন আর্চার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় ভাসছেন দারুণ উচ্ছ্বাসে। তারা জানালেন, আত্মবিশ্বাস, সাহস আর পরিশ্রমের ফলে ধরা দিয়েছে এই অর্জন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 12:59 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

আর্মি স্টেডিয়ামে বুধবার রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ। এশিয়ান আর্চার চ্যাম্পিয়নশিপসে পদকের অপেক্ষাও ফুরায় দলের।

র‌্যাঙ্কিং রাউন্ডে টোকিও অলিম্পিকসের স্কোর ছাপিয়ে যাওয়া দিয়া এই অর্জনে দারুণ ‍খুশি। জানালেন, সাফল্য পাওয়ার আত্মবিশ্বাস ছিল তাদের মধ্যে।

“আমাদের তিন জনের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব। আমরা অনেক খুশি যে, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম কোনো পদক জিতলাম এবং বাংলাদেশকে প্রথম পদক এনে দিতে পারলাম।”

অনুশীলনে চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল বিউটির। একটু ভড়কে গেলেও সাহস হারাননি। কোচের পরামর্শে গার্ড বদলে পদকের লড়াইয়ে করেছেন বাজিমাত।

“ম্যাচের আগে যখন অনুশীলন করছিলাম, তখন আমার চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল,তখন কোচের দিকে তাকিয়ে ছিলাম। কোচ বললেন-ভয় পাওয়ার কিছু নেই, এখনও সময় আছে। চেস্ট গার্ড পরিবর্তন করে আবার তির ছুঁড়লাম। কোচের কাছ থেকেই আমরা আত্মবিশ্বাস পাই, কোচ সাহস না দিলে আমরা ভালো করতে পারি না। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে, ভালো করব ও সাফল্য অর্জন করব।”

বছর জুড়েই আর্চারদের অনুশীলন চলে টঙ্গীর স্টেডিয়ামে। ঈদ, পুজা-পার্বনের সময় যা একটু ছুটি মেলে। নাসরিনের কণ্ঠে তাই অনেক পরিশ্রমের ফল পাওয়ার তৃপ্তি।

“আমরা এক বছর টানা অনুশীলন করেছি, কোনো ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীলনে নজর দেওয়ায় এখানে তিন জনই ভালো করতে পেরেছি। দেশকে প্রথম পদক এনে দিতে পেরেছি।”

একই দিনে রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও রোমান সানায় গড়া দল ৬-২ সেট পয়েন্টে জিতে কাজাখস্তানের বিপক্ষে। ব্যক্তিগত ইভেন্টে ভালো করতে না পারলেও দলগততে সাফল্য পেয়ে খুশি রোমান।

“আমরা দিন দিন উন্নতি করছি, আমাদের প্রতিটা খেলোয়াড়ের লক্ষ্য, পদক অর্জন করা। আমরা হয়তো দক্ষিণ কোরিয়া বা ভারতের মত শক্তিশালী হতে পারিনি। কিন্তু মার্টিন ফ্রেডেরিক (কোচ) আসার পর থেকেই আরও আত্মবিশ্বাসী হয়েছি, কারণ আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলছি।”

“আমি বলেছিলাম যে, পদক জেতার জন্য এবার আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে। আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং লক্ষ্য পূরণ করতে পেরেছি। এ বছর আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি, আত্মবিশ্বাস আগের থেকে বেড়েছে। আমি বারবার বলেছি, যত ম্যাচ খেলব, তত আত্মবিশ্বাস বাড়বে। ফাইনাল স্টেজে খেলার সময় আমাদের নার্ভাসনেসটা অনেক কমে গেছে। এ রকম আরও ম্যাচ খেলতে পারলে ভারত, কোরিয়ার (খেলোয়াড়দের) মত আত্মবিশ্বাস হবে এবং আন্তর্জাতিক টুর্নামেন্টগুলাতে পদক জিতে আসতে পারব আমরা।”