সিটির মঁদির বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ
ধর্ষণের অভিযোগে আগে থেকেই খুব বেকায়দায় আছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার বাঁজামাঁ মঁদি। সেসবের কোনো সুরাহা হওয়ার আগেই তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
মঁদিকে বুধবার স্টকপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখন মোট অভিযোগ দাঁড়ালো ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের।
গত অগাস্টে ২৭ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল চেশায়ার কনস্টাবুলারি। এরপর থেকেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে মঁদিকে।
ওই সময় চেশায়ার কনস্টাবুলারি এক বিবৃতিতে জানিয়েছিল, অভিযোগগুলো আনা ১৬ বছরের বেশি বয়সী তিনজন অভিযোগকারীর সঙ্গে সম্পর্কিত এবং সবগুলোই অভিযোগ ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অগাস্ট এর মধ্যকার সময়ে ঘটনার প্রেক্ষিতে।
ফ্রান্সের হয়ে ১০ ম্যাচ খেলা মঁদি ২০১৮ সালে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে মোনাকো থেকে রেকর্ড ৫ কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে যোগ দেন পেপ গুয়ার্দিওলার সিটিতে। সে সময় মঁদিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। এরপর থেকে ম্যানচেস্টারের দলটির হয়ে এই লেফট-ব্যাক জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা।
প্রথম দফায় অভিযুক্ত হওয়ার পরই মঁদিকে বহিষ্কার করেছিল প্রিমিয়ার লিগের দলটি।
