মনোযোগে ঘাটতি দেখছেন বাংলাদেশ কোচ
মোহাম্মদ ইব্রাহিমের গোলে জয়ের যে সম্ভাবনা উঁকি দিয়েছিল, তা গুঁড়িয়ে যায় নির্ধারিত সময় দুই মিনিট বাকি থাকতে। স্বপ্নভঙ্গের কারণও খুঁজে পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। মনোযোগ হারানো আর সুযোগ নষ্টের কারণে সিশেলসের বিপক্ষে দল পয়েন্ট হারিয়েছে বলে মনে করেন এই পর্তুগিজ কোচ।
শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে বুধবার কলম্বোর রেসকোর্স মাঠে সিশেলসের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। সপ্তদশ মিনিটে মোহাম্মদ ইব্রাহিম দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে সমতা ফেরান রশিদ ড্যান ল্যাবরোস।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে জয়ের প্রত্যাশা ছিল প্রবলভাবে। কিন্তু তা পূরণ না হওয়ায় খুব হতাশ লেমোস। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন জয় হাতছাড়া হওয়ার কারণ।
“হতাশাজনক ম্যাচ। প্রথমার্ধে আমরা গোল পেলাম, ভালো কিছু সুযোগ তৈরি করলাম। দ্বিতীয়ার্ধে সিশেলস ফরমেশন বদলে ৪-৪-২-এ খেলেছে, যেটা আমাদের জন্য বিপদের কারণ হয়েছে। তারা আমাদের চাপ দিয়েছে।”
“যখন আপনি জয়ের পথে আছেন, তখন ৮৮তম মিনিটে গোল খাওয়াটা আসলে মনোযোগের ঘাটতি। আমি জানি ছেলেরা ক্লান্ত ছিল, তারা খুব বেশি ফিটও নয়।”
প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ইব্রাহিম, জামাল ভূইয়া তা নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে রক্ষণের দৃঢ়তায় টান পড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় বলে মনে করেন লেমোস।
“এক গোলে এগিয়ে থাকার পর আমাদের সুযোগ ছিল ব্যবধান আরও বাড়ানোর, কিন্তু সেটা করতে না পারায় পরে ম্যাচটা আমাদের জন্য আরও কঠিন হয়ে যায়। আমরা চাপে পড়ে যায়। সত্যি বলতে আমাদের যদি ইয়াসিনের মতো আরও একজন সেন্টার ব্যাক থাকত…তাহলে রক্ষণ আরও জমাট রাখতে পারতাম; শেষ দিকে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল।”
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ আসরে আগামী শনিবার মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
